রাজ্য

শিল্পাঞ্চল ব্যারাকপুরে শ্যুট আউট, পুলিশের দক্ষতা নিয়ে প্রশ্ন। বাড়ছে রহস্য

নিজস্ব সংবাদদাতা: ব্যারাকপুরের মতো জনবহুল এলাকায় ভর সন্ধ্যেবেলা সোনার দোকানে চলল গুলি, ঘটনায় মৃত্যু হয়েছে সোনার দোকানের মালিকের ছেলের। গুলিবিদ্ধ হয়েছেন একাধিক, ঘটনার তদন্তে নেমেছে টিটাগড় থানার পুলিশ । তবে প্রায় ১৫ ঘণ্টারও বেশি সময় পার হয়ে গেলেও এখনও ধরা পড়েনি দুষ্কৃতীরা।

 

এই ঘটনায় শোকাহত নিহতের পরিবার। শোকস্তব্ধ পরিবারের সদস্যদের সাথে কথা বলে সাংসদ অর্জুন সিংহ জানান, ব্যারাকপুর শিল্পাঞ্চলে এরকম ঘটনা প্রথমবার ঘটেছে । পাশাপাশি তিনি জানালেন, তবে এদিন আততায়ীরা খুন করার ও ভয় দেখানোর উদ্দেশ্য নিয়েই এসেছিল । সাংবাদিকদের সম্মুখীন হয়ে তিনি জানান, টিটাগড় থানার ভূমিকা নিয়ে এলাকার মানুষের যথেষ্ট ক্ষোভও রয়েছে । তবে তিনি কমিশনরের সাথে দেখা করে এই বিষয়ে কথা বলার আশ্বাস দিয়েছেন । বিস্ফোরক মন্তব্য করে তিনি জানান, ব্যারাকপুর এখন দুষ্কৃতীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে ।অভিযোগ তুলেছেন পুলিশ-অপরাধীদের গোপন আঁতাত নিয়ে ।

 

অন্যদিকে প্রাক্তন বাম সাংসদ তড়িৎবরণ তোপদার বিস্ফোরক মন্তব্য করে পুলিশের অক্ষমতার উপর সব দায় চাপিয়েছেন । তিনি জানিয়েছেন, পুলিশ প্রশাসনের দক্ষতা শূন্যয় এসে দাঁড়িয়েছে । এর পরেও তিনি বিশ্বাস করেন অপরাধীরা ধরা পড়বে ।পাশাপাশি তিনি জানান, সামগ্রিকভাবে আইন শৃঙ্খলার অবনতি হয়েছে । পুলিশকে শুধুই বিরোধীদের দমন করার কাজে লাগানর ফলে স্বাভাবিকভাবেই তাঁদের দক্ষতা নিয়ে প্রশ্ন উঠছে ।

 

পুলিশি ব্যর্থতার সুর পাওয়া গেল কংগ্রেস নেতা ও আইনজীবী কৌস্তভ বাগচির কন্ঠেও । তিনি জানালেন, নিরপরাধ মানুষদের মিথ্যে মামলায় ফাঁসানো হচ্ছে । এতে প্রশাসনিক ব্যর্থতাই প্রকাশ পাচ্ছে । পাশাপাশি, আইসির পদত্যাগের দাবিতে টিটাগড় থানা ঘেরাও ও গান্ধি ঘাট মোড়ে একটি সভার আয়োজন করা হয়েছে বলে তিনি জানালেন ।

 

স্থানীয় সুত্রে জানা যাচ্ছে বাড়িওয়ালার সাথেও কিছু সমস্যার কারণে মামলাও চলছিল পরিবারটির ।গত দু’বছর ধরে চলছিল আইনি লড়াই । নিহতের পরিবারকে চাপ দেওয়া হচ্ছিল দোকান ছাড়তে । হুমকি দেওয়ার অভিযোগ রয়েছে বাড়ির মালিক বাচ্চু ঘোষের বিরুদ্ধে ।এমনটাই অভিযোগ করেন স্বর্ণ ব্যবসায়ী ও নিহতের বাবা, নীলরতন সিং । ব্যারাকপুরের শ্যুটআউটের নেপথ্যে কী লুকিয়ে রয়েছে? শ্যুটআউটের কারণ কি ডাকাতি না রয়েছে অন্য কোনও রহস্য? জল্পনা ক্রমশ বেড়েই চলছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.