কালীপুজোর প্রাক্কালে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে। সূর্যনগর এলাকার এক মন্দিরে কালীমূর্তি ভাঙা হয়েছে বলে অভিযোগ ওঠে। সকালে মন্দিরে এসে স্থানীয়রা ভাঙা প্রতিমা দেখে ক্ষোভে ফেটে পড়েন। মুহূর্তের মধ্যেই বিক্ষোভ শুরু হয়, পথ অবরোধে উত্তাল হয়ে ওঠে এলাকা।
অবরোধ তুলতে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মৃদু লাঠিচার্জেরও খবর মিলেছে। রাজ্য পুলিশের দাবি, অভিযুক্তদের খোঁজে তল্লাশি চলছে, অশান্তি যাতে আর না ছড়ায় তার জন্য মোতায়েন করা হয়েছে অতিরিক্ত বাহিনী। শেষ পর্যন্ত পরিস্থিতি শান্ত করতে ও প্রতিমা রক্ষা করতে ভাঙা কালীমূর্তিটিকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় পুলিশ।
এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক তরজাও চরমে। বিজেপি অভিযোগ করেছে, রাজ্যে হিন্দুদের ধর্মীয় অনুভূতিকে বারবার আঘাত করা হচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এক্স হ্যান্ডলে লিখেছেন —
“দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার সূর্যনগর গ্রামপঞ্চায়েতের নস্করপাড়ায় মা কালী মন্দিরে প্রতিমা ভাঙচুরের ঘটনায় গোটা এলাকা ক্ষোভে ফুঁসছে। প্রশাসন ঘটনাস্থলে এসে মন্দির বন্ধ করে দেয়, অপরাধীর বদলে অপরাধই ঢাকতে ব্যস্ত!”
তিনি আরও প্রশ্ন তোলেন —
“এখনও পর্যন্ত একটিও গ্রেফতার হয়নি। এই নীরবতা কি কাকতালীয়, নাকি তৃণমূল সরকারের নীরব প্রশ্রয়?”
বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সোশ্যাল মিডিয়ায় তীব্র আক্রমণ করেছেন রাজ্য প্রশাসনকে। শুভেন্দুর মন্তব্য —
“হিন্দুস্তানে এই ধরনের ঘটনা মেনে নেওয়া যায় না। ঠাকুর সবার, ধর্ম কারও ব্যক্তিগত সম্পত্তি নয়।”
তবে শাসকদল এই ঘটনায় রাজনীতি দেখতে নারাজ। তৃণমূল নেতা ও আইনজীবী বৈশ্বানর চট্টোপাধ্যায় বলেন —
“কালীমূর্তি ভাঙা একেবারেই মেনে নেওয়া যায় না। পুলিশ কড়া ব্যবস্থা নেবে। তবে বিজেপি যেভাবে ধর্ম নিয়ে রাজনীতি করছে, তা অনুচিত।”
সূর্যনগরে এখনো টানটান উত্তেজনা। এলাকা জুড়ে মোতায়েন রয়েছে পুলিশ বাহিনী। প্রশাসনের তরফে শান্তি বজায় রাখার আবেদন জানানো হয়েছে।







