প্রাকৃতিক প্রতিকূলতা আর দুর্যোগ উপেক্ষা করেও কেদারনাথের দর্শনে মানুষের ঢল! প্রবল বৃষ্টিতে রাস্তা ভেঙে পড়েছে, কাদা আর পিচ্ছিল পথে পড়ছে বিপদ—তবুও থামছে না যাত্রা। দেশের নানা প্রান্ত থেকে ভক্তরা পৌঁছে যাচ্ছেন উত্তরাখণ্ডের সোনপ্রয়াগে, সেখান থেকে শুরু হচ্ছে ২২ কিলোমিটার দীর্ঘ সেই কঠিন ট্রেক।
এই রুটের মধ্যে অন্তত ১০ কিমি রাস্তাই বেহাল অবস্থায়। কোথাও ধসে পড়েছে রাস্তা, কোথাও আবার কাদামাটিতে মিশে গিয়েছে পথ। ফলে বিপদ মাথায় নিয়ে প্রতিনিয়ত এগিয়ে চলেছেন ভক্তরা। স্থানীয়দের দাবি, দ্রুত রাস্তা মেরামতের ব্যবস্থা করুক সরকার।
যাঁরা ট্রেক করতে অক্ষম, তাঁরা হেলিকপ্টারে কেদারনাথে পৌঁছতে চাইছেন। কিন্তু সেখানেও সমস্যা—অনলাইনে টিকিট না মেলায় অনেকেই নির্ভর করছেন দালাল চক্রের উপর। অভিযোগ উঠেছে, অতিরিক্ত দামে বিক্রি হচ্ছে টিকিট। অথচ সরকারি মূল্যে টিকিট মিলছে না!
এই দালাল চক্রের বিরুদ্ধে ইতিমধ্যেই পদক্ষেপ করেছে প্রশাসন। চারজনকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। নজরদারি চলছে আরও।
ভক্তরা বলছেন—”আমরা পাহাড় ভেঙে, কাদা মেখে কেদারনাথ আসি ঈশ্বর দর্শনের আশায়। কিন্তু টিকিট দালালদের এই ব্যবসা খুবই লজ্জাজনক। প্রশাসনের উচিত আরও কড়া ব্যবস্থা নেওয়া।”
ভক্তির টানে হাজারও বাধা অতিক্রম করেও লক্ষ্যে পৌঁছানোর এই দৃঢ়তা কেদারনাথের পথে যেন আজ এক আলাদা আধ্যাত্মিক জার্নি।
সরকারের কাছে আবেদন, যাতে এই পবিত্র যাত্রাপথ আরও সুরক্ষিত এবং দালালমুক্ত হয়।







