ফের বিনোদন জগতে নক্ষত্র পতন। শোকাহত সমগ্র বলিউড। ৩১ আগস্ট, রবিবার সকালে মুম্বইয়ের ব্রিচ ক্যান্ডি হাসপাতালে ৮৪ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন কিংবদন্তি পরিচালক রামানন্দ সাগরের জ্যেষ্ঠ পুত্র প্রেম সাগর। তিনি একাধারে পরিচালক, প্রযোজক ও চিত্রগ্রাহক ছিলেন। টেলিভিশন ও বড় পর্দায় তাঁর কাজ পরবর্তী প্রজন্মকে বারবার অনুপ্রাণিত করেছে। জন্য গিয়েছে, বিগত কিছুদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি।
তিনি পুণের ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট থেকে সিনেমাটগ্রাফি নিয়ে পড়াশোনা করেন, এবং যোগ দেন নিজের পরিবারের প্রযোজনা সংস্থা ‘সাগর আর্টস’এ। তাঁর কাজের ভক্ত সমগ্র ভারতবাসী। তিনি‘রামায়ণ’,‘বিক্রম অর বেতাল’,‘শ্রীকৃষ্ণ’র মতো বড় বড় কাজে তাঁর দক্ষতা দেখিয়ে মন জয় করেছিলেন সমগ্র ভারতবাসীর।
প্রেম সাগরের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বিনোদন দুনিয়ার বিভিন্ন তারকারা। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করে অভিনেতা সুনীল লাহরী লিখেছেন, “এ খুব খুব দুঃখজনক। ওম শান্তি।”এ ছাড়া অভিনেতা অরুণ গোভিল লিখেছেন,“শ্রদ্ধেয় প্রেম সাগরজির মৃত্যু অত্যন্ত হৃদয়বিদারক। প্রার্থনা করি ভগবান শ্রী রামচন্দ্র যেন তাঁর আত্মাকে তাঁর কাছে স্থান দেন।”জানা গিয়েছে, আগামী দিনে তাঁর পারিবারিক প্রযোজনা সংস্থার দায়িত্ব সামলাবেন তাঁর পুত্র শিব সাগর।







