বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে ঘিরে ফের উত্তাল বেঙ্গালুরু। নাইটক্লাবের ব্যালকনি থেকে ‘মধ্যমা প্রদর্শন’— ভাইরাল একটি ভিডিওর জেরেই নতুন বিতর্কে জড়িয়েছেন বাদশাপুত্র। ঘটনার পর থেকেই সামাজিক মাধ্যমে ক্ষোভ উগরে দিচ্ছেন শহরের একাংশ। আইনানুগ পদক্ষেপের দাবিতে ট্যাগ করা হয় স্থানীয় পুলিশকেও। ইতিমধ্যেই কিউবন পার্ক থানায় জমা পড়েছে আনুষ্ঠানিক অভিযোগ, খতিয়ে দেখা হয়েছে ক্লাবের সিসিটিভি ফুটেজও।
এই উত্তেজনার মধ্যেই আরিয়ানের পাশে দাঁড়ালেন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে এবং অভিনেতা জায়েদ খান। বহু বছর ধরে আরিয়ানের ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে তিনি জানান, ওই রাতে ভুল ব্যাখ্যা করা হয়েছে ঘটনাকে। জায়েদের কথায়, দু’জনে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আমন্ত্রণে ক্লাবে গিয়েছিলেন। প্রত্যাশার তুলনায় অতিরিক্ত ভিড় তৈরি হয় সেখানে, যা দেখে অস্বস্তিতে পড়েন আরিয়ান। পরিস্থিতি সামাল দিতে ক্লাব ম্যানেজার এগিয়ে গেলেও অনেকক্ষণ ফিরে আসেননি। বিষয়টি দেখতে ব্যালকনির কাছে যান জায়েদ ও আরিয়ান।
জায়েদ দাবি করেছেন, যে দৃশ্য ভিডিওতে ধরা পড়েছে, সেটি নাকি ম্যানেজারকে লক্ষ্য করেই করা হয়েছিল— অন্য কোনও অতিথিকে নয়। তাঁর বক্তব্য, “আরিয়ান কখনই জনতাকে অসম্মান করতে চাইবে না। ভিডিওর ভুল ব্যাখ্যা করা হচ্ছে।”
২৮ নভেম্বর রাতের এই ঘটনার সময় আরিয়ানের সঙ্গে উপস্থিত ছিলেন কর্নাটকের এক মন্ত্রীর ছেলে ছাড়াও স্থানীয় বিধায়ক এন.এ. হ্যারিসের পুত্র মহম্মদ নালাপদ। সদ্য বলিউডে প্রবেশের প্রস্তুতি নেওয়া আরিয়ানকে ঘিরে ক্লাবজুড়ে উত্তেজনার মাঝেই ঘটে এই বিতর্কিত মুহূর্ত।
এদিকে, সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ক্লাব ম্যানেজারকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। মূলত খতিয়ে দেখা হচ্ছে, আরিয়ান ঠিক কোন পরিস্থিতিতে এমন আচরণ করেছিলেন— নিছক চাপের মুহূর্ত, নাকি নেপথ্যে অন্য কোনও কারণ রয়েছে। তদন্তে কী সামনে আসে, সেটাই এখন নজরকাড়া।,







