আহমেদাবাদে স্কুল চত্বরে রক্তাক্ত ঘটনা, মৃত্যুর জেরে উত্তেজনা
গুজরাটের আহমেদাবাদে একটি নামী বেসরকারি স্কুলে রীতিমতো চাঞ্চল্যের সৃষ্টি হল। দশম শ্রেণির এক ছাত্রের ছুরির কোপে গুরুতর জখম হয়েছিল অষ্টম শ্রেণির এক পড়ুয়া। বুধবার সকালে হাসপাতালে তার মৃত্যু হয়।
সূত্রের খবর, প্রায় এক সপ্তাহ আগে ওই দুই ছাত্রের মধ্যে ঝগড়া হয়। সেই আক্রোশ থেকেই অভিযুক্ত ছাত্র ব্যাগে ছুরি লুকিয়ে স্কুলে আসে। সহপাঠীকে সামনে পেয়ে একের পর এক কোপ মারে। গুরুতর আহত অবস্থায় অষ্টম শ্রেণির ছাত্রকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসায় সাড়া না দিয়ে সে মারা যায়।
খবর ছড়িয়ে পড়তেই উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। নিহতের পরিবার ও স্থানীয়রা স্কুলে ঢুকে ভাঙচুর চালায়। অভিযোগ, তারা স্কুলের শিক্ষক-শিক্ষিকাদেরও মারধর করে। অভিযুক্ত ছাত্রের দ্রুত শাস্তির দাবিতে ক্ষুব্ধ জনতা স্লোগান দেয়।
অবস্থা নিয়ন্ত্রণে আনতে বিপুল পুলিশবাহিনী মোতায়েন করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত দশম শ্রেণির ছাত্রকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।







