নিজস্ব সংবাদদাতা : আসন্ন পঞ্চায়েত নির্বাচন । তবে কবে হবে নির্বাচনের এখনও ঘোষণা হয়নি । ভোট ঘোষণার আগেই বিভিন্ন জেলায় জেলায় বোমা বিস্ফোরণে হচ্ছে । এবার বোমা বিস্ফোরণে ১১ বছরের এক কিশোরের মৃত্যু হল। কিশোরের নাম রাজু রায় । এই বিস্ফোরণ ঘটেছে উত্তর ২৪ পরগনার বনগাঁ থানার বকশি পল্লী এলাকায়। সূত্রের খবর , শৌচগারের ভিতর বোমা মজুত ছিল ।
এলাকাবাসীদের দাবি, সোমবার সকালে ওই কিশোর শৌচাগারে শৌচকর্ম করতে যায়। আর তখনই বিকট শব্দে সেখানে মজুত বোমা বিস্ফোরণ হয়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় ওই কিশোরকে শৌচাগার থেকে বের করেন । ঘটনাস্থলে তার মৃত্যু হয়েছে এমনটাই স্থানীয় সূত্রে খবর। এই বিস্ফোরনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে বনগাঁ থানার পুলিশ । এরপর বোম্ব স্কোয়া়ডকেও খবর দেওয়া হয়েছে। একটি কালো পলিথিনের প্যাকেটে শৌচাগারের ভিতর বোমা মজুত করা ছিল বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। কোথা থেকে ওই বোমা এল এবং কী ভাবে তাতে বিস্ফোরণ হল সমস্তটা খতিয়ে দেখছে পুলিশ।
ওই কিশোরের বাবা প্রশান্ত রায়ের জানিয়েছেন , ‘আমার ছেলে স্থানীয় একটি সাইকেলের দোকানে কাজ করত। এদিন সকালে ওই শৌচাগারে সে শৌচকর্ম করতে গিয়েছিল। বিকট শব্দ শুনে আমি ঘটনাস্থলে গিয়ে দেখি ছেলে মৃত অবস্থায় পড়ে আছে ।’ রাজুর মাও ছেলের মৃত্যুর পর কান্নায় ভেঙে পড়েছেন । তিনি পুলিশ নিষ্ক্রিয়তার দিকে অভিযোগের আঙুল তুলেছেন।
সূত্রের খবর , দীর্ঘদিন ধরে ওই এলাকায় বেআইনি মাদকের ব্যবসা রমরমিয়ে চলছে। এই নিয়ে পুলিশ-প্রশাসনের কোনও ভ্রূক্ষেপ নেই । ওই সুলভ শৌচগারের ভিতরে বোমা মজুত করা ছিল। সকালে ওই বালক শৌচগারে যেতে কোনওভাবে চাপ পড়ে সেখানে মজুত থাকা বোমায় বিস্ফোরণ হয় এমনটাই জানিয়েছে স্থানীয়রা ।







