খেলাধুলা

মেসি-উন্মাদ কলকাতায় কিং খান! ‘ঈশ্বর দর্শনে’ অ্যাব্রামকে নিয়ে শহরে শাহরুখ

ক্রীড়াপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান। শুক্রবার মাঝরাতে অবশেষে কলকাতায় পা রাখলেন ফুটবলের মহাতারকা লিওনেল মেসি। তাঁর আগমনকে ঘিরে কার্যত উৎসবের রূপ নিয়েছে শহর। বিমানবন্দর থেকে শুরু করে যুবভারতী ক্রীড়াঙ্গন— সর্বত্রই ‘মেসি জ্বর’। এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতেই মুম্বই থেকে কলকাতায় উড়ে এলেন বলিউড বাদশা শাহরুখ খান, সঙ্গে তাঁর কনিষ্ঠ পুত্র অ্যাব্রাম খান।

অ্যাব্রাম যে ছোট থেকেই ক্রীড়াপ্রেমী, তা বহুবার প্রকাশ্যে জানিয়েছেন শাহরুখ নিজেই। ক্রিকেট কিংবা ফুটবল— খেলাধুলো নিয়ে তার আগ্রহ চোখে পড়ার মতো। আর সেই আগ্রহের কেন্দ্রবিন্দুতেই এবার ফুটবলের ‘ঈশ্বর’ লিওনেল মেসি। সন্তানের প্রিয় তারকার সঙ্গে দেখা করানোর এই সুযোগ হাতছাড়া করতে চাননি কিং খান। ফলে শুক্রবার গভীর রাতে কড়া নিরাপত্তার ঘেরাটোপে কলকাতা বিমানবন্দর থেকে বেরোতে দেখা যায় শাহরুখ, অ্যাব্রাম ও ম্যানেজার পূজা দাদলানিকে। সেই মুহূর্ত ইতিমধ্যেই নেটদুনিয়ায় ভাইরাল।

এর আগেও একাধিকবার কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ দেখতে বাবার সঙ্গে শহরে এসেছে অ্যাব্রাম। তবে এবার সফরের আকর্ষণ আলাদা। কারণ, একমঞ্চে হাজির হতে চলেছেন দুই গ্লোবাল আইকন— ফুটবলের মহাতারকা মেসি এবং বলিউডের সম্রাট শাহরুখ খান। দিন কয়েক আগেই নিজের এক্স হ্যান্ডেলে ফিল্মি ভঙ্গিতে কিং খান লিখেছিলেন, “এবার কলকাতায় নাইট প্ল্যান নয়, দিনেই ‘মেসি রাইড’। ১৩ ডিসেম্বর সল্টলেক স্টেডিয়ামে দেখা হচ্ছে।” সেই পোস্টের পর থেকেই উন্মাদনার পারদ চড়তে শুরু করে।

প্রসঙ্গত, ১৩ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত ভারতে থাকবেন লিওনেল মেসি। সফরের শুরু কলকাতা দিয়েই। যুবভারতী ক্রীড়াঙ্গনে ‘গোট কনসার্ট’, লেকটাউনে নিজের মূর্তি উদ্বোধন এবং একাধিক অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা রয়েছে তাঁর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেও সাক্ষাৎ করবেন আর্জেন্টাইন মহাতারকা। সব মিলিয়ে ফুটবল ও বিনোদনের যুগলবন্দিতে কলকাতা পাচ্ছে এক স্মরণীয় মুহূর্ত— যা বহুদিন মনে রাখবেন শহরবাসী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.