হলিউডের গ্ল্যামার দুনিয়ার আড়ালে লুকিয়ে থাকা এক অস্বস্তিকর অভিজ্ঞতার কথা দুই দশকেরও বেশি সময় পর প্রকাশ্যে আনলেন ‘টাইটানিক’-খ্যাত অভিনেত্রী কেট উইনস্লেট। জনপ্রিয় মার্কিন র্যাপার এমিনেমকে ঘিরে তাঁর করা এই দাবিতে ইতিমধ্যেই তোলপাড় আন্তর্জাতিক বিনোদন মহল। সম্প্রতি ব্রিটেনের জনপ্রিয় টক শো ‘গ্রাহাম নর্টন শো’-তে এসে ২০০৪ সালের একটি ঘটনার কথা প্রথমবার প্রকাশ্যে আনেন কেট।
অভিনেত্রীর দাবি, সেই সময় তিনি হলিউড অভিনেতা জনি ডেপের সঙ্গে আমেরিকার বিখ্যাত কমেডি শো ‘স্যাটারডে নাইট লাইভ’ (এসএনএল)-এ যোগ দিতে গিয়েছিলেন। শো শুরুর আগে নানা ব্যস্ততা ও অপর্যাপ্ত রিহার্সালের কারণে মানসিক চাপেই ছিলেন তিনি। ঠিক সেই সময়েই ঘটে যায় এই অদ্ভুত ও অস্বস্তিকর ঘটনা। কেটের কথায়, এমিনেম তাঁকে ব্যক্তিগত এক প্রস্তাব দেন, যা শুনে তিনি কার্যত হতবাক হয়ে যান।
কেট জানান, এমন একটি বিষয় নিয়ে কথা বলছেন যা এতদিন কাউকেই বলেননি। তাঁর দাবি অনুযায়ী, এমিনেম নাকি তাঁকে তাঁর নিতম্বের রোম কামিয়ে দেওয়ার অনুরোধ করেছিলেন। মুহূর্তের মধ্যেই সেই প্রস্তাব প্রত্যাখ্যান করেন অভিনেত্রী। স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, তিনি এ ধরনের ব্যক্তিগত ‘সাজসজ্জা’ করেন না এবং কখনওই করবেন না।
এই স্বীকারোক্তি সামনে আসতেই নতুন করে বিতর্কের ঝড় উঠেছে। বিশ্বজুড়ে হিপ-হপ সংস্কৃতিকে জনপ্রিয় করে তোলার অন্যতম মুখ এমিনেমের বিরুদ্ধে এমন অভিযোগ ঘিরে প্রশ্ন উঠছে বিনোদন দুনিয়ার ক্ষমতার ভারসাম্য ও কাজের জায়গায় ব্যক্তিগত সীমানা নিয়ে। যদিও এই অভিযোগ প্রসঙ্গে এখনও পর্যন্ত এমিনেম বা তাঁর টিমের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
দুই দশক পর সামনে আসা এই দাবি ঘিরে এখন নজর গোটা হলিউডের—এটি কি শুধুই এক ব্যক্তিগত অভিজ্ঞতার প্রকাশ, না কি আরও বড় কোনও আলোচনার সূচনা?







