রাজ্য

দিল্লি বিমানবন্দরে লাইনে বচসা, যাত্রীকে মারধরের অভিযোগ পাইলটের বিরুদ্ধে—নিলম্বিত অভিযুক্ত

দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে নিরাপত্তা তল্লাশির লাইনে বচসাকে কেন্দ্র করে এক যাত্রীকে মারধরের অভিযোগ উঠল এক পাইলটের বিরুদ্ধে। ঘটনায় রক্তাক্ত হন ওই যাত্রী। অভিযুক্ত পাইলটকে সাময়িকভাবে নিলম্বিত করেছে সংশ্লিষ্ট উড়ান সংস্থা এবং ঘটনার তদন্ত শুরু হয়েছে।

আক্রান্ত যাত্রীর নাম অঙ্কিত দেওয়ান। শুক্রবার পরিবারের সঙ্গে বেড়াতে যাওয়ার জন্য দিল্লি বিমানবন্দরে পৌঁছন তিনি। স্ত্রী ও চার মাসের কন্যাকে সঙ্গে নিয়ে বোর্ডিংয়ের আগে নিরাপত্তা পরীক্ষার লাইনে দাঁড়িয়েছিলেন অঙ্কিত। অভিযোগ, সেই সময় লাইনের নিয়ম ভেঙে সামনে যাওয়ার চেষ্টা করেন এক ব্যক্তি, যিনি পরে নিজেকে এয়ার ইন্ডিয়া এক্সপ্রেসের পাইলট বলে পরিচয় দেন। তাঁর নাম ক্যাপ্টেন বীরেন্দ্র সেজওয়াল। যদিও ঘটনার সময়ে তিনি কর্তব্যরত অবস্থায় ছিলেন না এবং যাত্রী হিসেবেই অন্য একটি উড়ানে সফর করছিলেন।

লাইন ভাঙার প্রতিবাদ করায় দু’জনের মধ্যে বচসা শুরু হয়। অভিযোগ, মুহূর্তের মধ্যেই সেই বচসা হাতাহাতিতে পরিণত হয় এবং অভিযুক্ত পাইলট অঙ্কিতকে মারধর করেন। এতে অঙ্কিতের মুখে গুরুতর আঘাত লাগে এবং রক্তপাত হয়। ঘটনার পর নিজের রক্তাক্ত মুখের ছবি ও অভিযুক্ত পাইলটের ছবি সমাজমাধ্যমে পোস্ট করেন অঙ্কিত। সেই পোস্ট ঘিরেই ব্যাপক আলোড়ন সৃষ্টি হয়।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস এক বিবৃতিতে জানায়, অভিযুক্ত কর্মীকে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। সংস্থার তরফে বলা হয়েছে, এ ধরনের আচরণ কোনওভাবেই গ্রহণযোগ্য নয় এবং তদন্তের ভিত্তিতে প্রয়োজনীয় শাস্তিমূলক পদক্ষেপ করা হবে।

অন্যদিকে, এই ঘটনায় শনিবার সকাল পর্যন্ত কোনও লিখিত অভিযোগ দায়ের হয়নি বলে জানিয়েছে দিল্লি পুলিশ। পুলিশের দাবি, এখনও পর্যন্ত যাত্রী বা উড়ান সংস্থার তরফে থানায় কোনও অভিযোগ জমা পড়েনি।
ঘটনার পর আতঙ্কে রয়েছেন অঙ্কিত ও তাঁর পরিবার। তাঁর বক্তব্য, বিমানবন্দরের মতো উচ্চ-নিরাপত্তা এলাকায় এমন ঘটনা অত্যন্ত উদ্বেগজনক এবং যাত্রী নিরাপত্তা নিয়ে গুরুতর প্রশ্ন তুলে দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.