কলকাতাখেলাধুলা

” বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল ” , যুবভারতী এর বাইরে মূর্তি সরানো নিয়ে কি বললেন নিশীথ ?

যুবভারতী ক্রীড়াঙ্গনের ভিভিআইপি গেটের একেবারে পাশে থাকা বড় মূর্তিটি, যেখানে পা থেকে কোমর পর্যন্ত অংশের উপর বিশ্ববাংলার লোগো বসানো রয়েছে, সেটি তৃণমূল সরকারের আমলে নির্মিত হয়েছিল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই মূর্তিটির নকশা তৈরি করেছিলেন। তবে এবার সেই মূর্তি সরানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক জানিয়েছেন, মূর্তিটির বিশেষ কোনও তাৎপর্য নেই এবং এটি খুব একটা দৃষ্টিনন্দনও নয়। তাই সেটি সরিয়ে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

রবিবার যুবভারতী স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়েছিল বহুচর্চিত ডার্বি ম্যাচ, যেখানে মুখোমুখি হয়েছিল ইস্টবেঙ্গল ও মোহনবাগান। সেই ম্যাচ উপভোগ করতে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক। খেলা শেষে তিনি নিজের অভিজ্ঞতার কথা ভাগ করে নেন। তাঁর কথায়, দুই দলের মধ্যে জমজমাট লড়াই হয়েছে এবং কেউ কারও থেকে কম ছিল না। মাঠে বসে এমন ম্যাচ দেখার অনুভূতি সত্যিই অসাধারণ বলেও জানান তিনি। পাশাপাশি দর্শকদের উচ্ছ্বাস ও আবেগও ছিল চোখে পড়ার মতো। ক্রীড়ামন্ত্রী আরও বলেন, বিশেষ কোনও জরুরি কাজ না থাকলে ভবিষ্যতে যত ম্যাচ হবে, সম্ভব হলে সবকটিতেই স্টেডিয়ামে উপস্থিত থাকার চেষ্টা করবেন। শুধু ফুটবল নয়, ক্রিকেট ম্যাচও মাঠে গিয়ে দেখার ইচ্ছা রয়েছে তাঁর।

এরপর স্টেডিয়ামের পরিকাঠামো উন্নয়ন নিয়ে একাধিক পরিকল্পনার কথা তুলে ধরেন নতুন ক্রীড়ামন্ত্রী। তিনি জানান, যুবভারতী স্টেডিয়ামকে আরও আধুনিক করে তোলার চিন্তাভাবনা চলছে। পাশাপাশি সেখানে একটি ফুড কোর্ট গড়ে তোলার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। ক্রীড়ামন্ত্রীর বক্তব্য, খাবারের মান সঠিকভাবে পরীক্ষা করেই ফুড কোর্টে তা পরিবেশন করা হবে। এই কাজের জন্য বিশেষ ফুড টেস্টিং অফিসার নিয়োগ করা হবে। তাঁদের অনুমোদনের পরেই দর্শকদের জন্য খাবার সরবরাহ করা হবে।

নিশীথ প্রামাণিকের বক্তব্যে উঠে আসে মেসি বিতর্কের প্রসঙ্গও। তিনি আশ্বাস দেন, এই ক্রীড়াঙ্গনে এসে যাঁরা হতাশ হয়েছেন, কষ্টের উপার্জনের টাকা হারিয়েছেন কিংবা অপমানের শিকার হয়েছেন, তাঁদের সম্মান পুনরুদ্ধারের চেষ্টা করা হবে। তিনি জানান, মেসি সংক্রান্ত ফাইলের তদন্ত নতুন করে শুরু হয়েছে। সংশ্লিষ্ট এজেন্সিকে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে যে দর্শকদের সমস্ত টাকা ফেরত দিতে হবে। প্রয়োজনে এই বিষয়ে ক্রীড়ামন্ত্রকও সহযোগিতা করবে বলে জানিয়েছেন তিনি।

তারপরেই যুবভারতীর বাইরের মূর্তি টা নিয়ে নিশীথ প্রামাণিক বলেন ,”এরকম বিদঘুটে একটা মূর্তি, একটা কাটা পা তার ওপর ফুটবল । আমার তো মনে হয় এই মূর্তি লাগানোর পর থেকেই বিগত সরকারের খারাপ দিন আসা শুরু হয়েছে। তারপর মেসি কাণ্ড হল, সরকার চলে গেল। এমন একটা মূর্তি যার কোনও অর্থ নেই, কোনও মানে নেই সেটা আমরা রাখব না, আমরা পরিবর্তন করব।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.