পৃথিবীর গণ্ডি পেরিয়ে এবার মহাকাশেই কৃত্রিম বুদ্ধিমত্তার বিশাল পরিকাঠামো তৈরির পরিকল্পনা ইলন মাস্কের। তাঁর সংস্থা SpaceX-কে মহাকাশে ১০ লক্ষ AI ডেটা সেন্টার স্যাটেলাইট পাঠানোর অনুমোদন দিল আমেরিকার Federal Communications Commission (FCC)। বুধবার এই অনুমোদনের কথা জানান সংস্থার চেয়ারম্যান ব্রেন্ডন কার। পরিকল্পনাটি বাস্তবায়িত হলে AI প্রযুক্তির পরিকাঠামোয় বড়সড় পরিবর্তন আসতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
SpaceX-এর প্রস্তাবিত এই প্রকল্পের নাম ‘Starmind’। পৃথিবীতে AI-এর ব্যবহার বাড়ার সঙ্গে সঙ্গে ডেটা সেন্টারের চাহিদাও দ্রুত বাড়ছে। কিন্তু এই পরিকাঠামো চালাতে বিপুল বিদ্যুৎ, জল ও জমির প্রয়োজন হয়। সেই সমস্যার বিকল্প হিসেবেই মহাকাশে ডেটা সেন্টার তৈরির পরিকল্পনা করছে সংস্থাটি।
SpaceX-এর দাবি, মহাকাশে সৌরশক্তি ব্যবহার করে এই ডেটা সেন্টার চালানো সম্ভব। ফলে পৃথিবীর বিদ্যুৎ ব্যবস্থার উপর নির্ভরতা কমতে পারে। সংস্থার পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালে প্রথম ডেটা সেন্টার স্যাটেলাইট পাঠানো হতে পারে। ২০২৯ সাল পর্যন্ত ধাপে ধাপে পরিকাঠামো সম্প্রসারণের লক্ষ্য রয়েছে। সম্পূর্ণ নেটওয়ার্ক তৈরির সময়সীমা ২০৪০ সাল পর্যন্ত।
তবে এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ নয়। মহাকাশে AI চিপের তাপমাত্রা নিয়ন্ত্রণ, স্যাটেলাইটের রক্ষণাবেক্ষণ এবং বিপুল উৎক্ষেপণ খরচ বড় চ্যালেঞ্জ। এজন্য SpaceX-এর শক্তিশালী Starship রকেট গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
অন্যদিকে, এই প্রকল্প নিয়ে আপত্তিও উঠেছে। Amazon, Viasat এবং American Astronomical Society-র মতো সংস্থা ও সংগঠন উদ্বেগ প্রকাশ করেছে। বিপুল সংখ্যক স্যাটেলাইট মহাকাশে ছড়িয়ে পড়লে রাতের আকাশে আলোর দূষণ বাড়তে পারে। তাতে জ্যোতির্বিজ্ঞানীদের গবেষণার কাজ ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
অর্থাৎ, FCC-র অনুমোদন মিললেও মহাকাশে AI সাম্রাজ্য গড়ার পথে এখনও একাধিক বাধা রয়েছে। ইলন মাস্কের এই উচ্চাকাঙ্ক্ষী পরিকল্পনা শেষ পর্যন্ত কতটা বাস্তবায়িত হয়, এখন সেদিকেই নজর প্রযুক্তি দুনিয়ার।







