একই দল থেকে বেরিয়ে অন্য শিবিরে গেলেই কি আইনের নজরদারি থেকে রেহাই মিলছে? রাজনৈতিক মহলে এবার এই প্রশ্ন ঘিরেই শুরু হয়েছে নতুন বিতর্ক। সাবিনা ইয়াসমিন, শামিম আহমেদ থেকে ফিরহাদ হাকিম—একাধিক নেতাকে ঘিরে ওঠা অভিযোগ সামনে রেখে মমতা তৃণমূল কংগ্রেসের নিশানায় বিজেপি। তাদের প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে থাকলেই মামলা ও তদন্তের মুখে পড়তে হচ্ছে, অথচ ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলে গেলে কেন একই রকম পদক্ষেপ দেখা যাচ্ছে না? যদিও বিজেপির দাবি, রাজনৈতিক পরিচয় দেখে কাউকে শত্রু বা বন্ধু হিসেবে বিচার করে না তারা।
বিধানসভা নির্বাচনের পর তৃণমূলের অন্দরে তৈরি হয়েছে দুটি পৃথক শিবির। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন মমতা তৃণমূল, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস। এই দুই শিবিরের রাজনৈতিক সংঘাতের মধ্যেই তদন্ত ও প্রশাসনিক পদক্ষেপ নিয়ে শুরু হয়েছে চাপানউতোর।
**সাবিনা ইয়াসমিনকে একাধিকবার NIA-র তলব**
মোথাবাড়িকাণ্ডের তদন্তে সুজাপুরের বিধায়ক সাবিনা ইয়াসমিন ও তাঁর স্বামী মেহবুব আলমকে একাধিকবার জিজ্ঞাসাবাদের জন্য ডেকেছে NIA। নির্বাচনের পর সাবিনা মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবির ছেড়ে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন গণতান্ত্রিক তৃণমূলে যোগ দিয়েছিলেন বলে খবর। পরে তিনি সেই পদ থেকেও ইস্তফা দেন।
সাবিনার অভিযোগ, গণতান্ত্রিক তৃণমূলে যোগ দেওয়ার জন্য তাঁকে সই করতে বলা হয়েছিল। কিন্তু তিনি তাতে রাজি হননি। তাঁর দাবি, রাজনৈতিক প্রতিহিংসার কারণেই তাঁকে এবং তাঁর পরিবারকে হেনস্থা করা হচ্ছে।
**শামিম আহমেদকে ঘিরেও জল্পনা**
মগরাহাট পশ্চিমের বিধায়ক শামিম আহমেদকে নিয়েও রাজনৈতিক মহলে আলোচনা চলছে। সূত্রের দাবি, ভোটের পর তিনি ঋতব্রত শিবিরের সঙ্গে যোগাযোগ রাখছিলেন। এর মধ্যেই ৪ নভেম্বর ডায়মন্ড হারবারের সরিষায় তৃণমূলের একটি কার্যালয় থেকে ১ কোটি ২ লক্ষ ৭৯ হাজার টাকা উদ্ধারের ঘটনা সামনে আসে। এরপর শামিম আহমেদকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সমর্থনে প্রকাশ্যে দেখা যায়। বর্তমানে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না বলে দাবি। তাঁর নিরাপত্তাও প্রত্যাহার করেছে রাজ্য পুলিশ। যদিও তাঁকে ফাঁসানোর চেষ্টা হচ্ছে বলে অভিযোগ করেছেন তাঁর বাবা।
**ফিরহাদ হাকিমকে নিয়েও প্রশ্ন**
২৪ জুনের ভয়াবহ ঘটনার পর বিধানসভায় ফিরহাদ হাকিমের নাম উল্লেখ করে মন্তব্য করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্যে কলকাতা পুরসভার ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। বর্তমানে ফিরহাদ গণতান্ত্রিক তৃণমূলের সঙ্গে যুক্ত। তাঁর বিরুদ্ধে সরকার কোনও পদক্ষেপ করছে না বলে অভিযোগ তুলেছে মমতা তৃণমূল।
দলের মুখপাত্র ও বিধায়ক কুণাল ঘোষের অভিযোগ, পরেশরাম দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে থাকার কথা ঘোষণা করার পর থেকেই তাঁর বিরুদ্ধে একের পর এক মামলা সামনে এসেছে। অন্য শিবিরে থাকাকালীন কেন একই তৎপরতা দেখা যায়নি, সেই প্রশ্নও তুলেছেন তিনি।
**বিজেপির পাল্টা বক্তব্য কী?**
মমতা তৃণমূলের এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি। রাজ্য বিজেপির প্রধান মুখপাত্র দেবজিৎ সরকারের বক্তব্য, বিজেপির কাছে রাজনৈতিকভাবে কোনও নির্দিষ্ট ব্যক্তি বন্ধু বা শত্রু নন। রাষ্ট্র ও সাধারণ মানুষের স্বার্থই তাদের কাছে প্রধান বিবেচ্য।
সব মিলিয়ে দুই তৃণমূল শিবিরের বিভাজনকে কেন্দ্র করে নতুন করে উত্তপ্ত হচ্ছে রাজ্য রাজনীতি। তদন্তকারী সংস্থার পদক্ষেপকে রাজনৈতিক প্রতিহিংসা বলে দাবি করছে এক পক্ষ, অন্যদিকে বিজেপি সেই অভিযোগ মানতে নারাজ। তবে রাজনৈতিক আনুগত্য বদলানোর সঙ্গে তদন্তের গতিপ্রকৃতির কোনও সম্পর্ক রয়েছে কি না, সেই প্রশ্ন ঘিরেই আপাতত সরগরম রাজনৈতিক মহল।







