জেলা

আসানসোলে পুলিশের পালটা গুলিতে জখম অভিযুক্ত প্যাও, দু’ঘণ্টার অভিযানে গ্রেপ্তার

এবার আসানসোলেও পুলিশের গুলিতে আহত হল এক অভিযুক্ত। পুলিশের দিকে গুলি চালিয়ে পালিয়ে যাওয়া প্রতাপ দাস ওরফে প্যাও-কে ধরতে বুধবার বিকেল থেকেই তল্লাশি অভিযান শুরু করেছিল পুলিশ। শুক্রবার সকালে গোপন সূত্রে খবর আসে, আসানসোলের ইসমাইল এলাকায় নিজের বাড়ির অদূরে একটি বাড়িতে আশ্রয় নিয়েছে সে। খবর পেয়েই সেখানে পৌঁছে যায় পুলিশ। এরপর প্রায় দু’ঘণ্টা ধরে চলে পুলিশ ও অভিযুক্তের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার পর্ব।

পুলিশের অভিযোগ, প্রতাপের কাছে আগ্নেয়াস্ত্র ছিল। ফের পুলিশের উপর গুলি চালিয়ে হামলার চেষ্টা করে সে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে আত্মরক্ষার স্বার্থে পালটা গুলি চালায় পুলিশ। সেই গুলিতেই পায়ে আঘাত লাগে অভিযুক্তের। পরে জখম অবস্থায় তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়।

পুলিশ সূত্রে খবর, বুধবার বিকেল থেকে প্রতাপ ওরফে প্যাও-কে খুঁজতে বিভিন্ন এলাকায় তল্লাশি চালানো হচ্ছিল। শুক্রবার সকালে ইসমাইল এলাকায় তার অবস্থান সম্পর্কে নির্দিষ্ট খবর পেয়ে সেখানে অভিযান চালায় পুলিশ। বাহিনী পৌঁছতেই নানা উপায়ে পালানোর চেষ্টা করে অভিযুক্ত। দীর্ঘক্ষণ ধরে এলাকায় চলে খোঁজাখুঁজি ও ধাওয়া।

পুলিশের দাবি, শেষ মুহূর্তে গ্রেপ্তারি এড়াতে আগ্নেয়াস্ত্র নিয়ে ফের পুলিশের উপর আক্রমণ করার চেষ্টা করে প্রতাপ। বাধ্য হয়ে পালটা গুলি চালায় পুলিশ। স্থানীয় সূত্রের খবর, সেই গুলিতে পায়ে জখম হয় সে। এরপরই অভিযুক্তকে আটক করে দ্রুত চিকিৎসার জন্য আসানসোল জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.