ক্রাইম

বিয়েতে আপত্তি, অন্য যুবককে ভালোবাসার কথা জানাতেই ভয়াবহ পরিণতি! বাগদানের আগেই মেয়েকে খুনের অভিযোগ বাবার বিরুদ্ধে

পরিবারের পছন্দের পাত্রকে বিয়ে করতে রাজি ছিলেন না ১৮ বছরের তরুণী। ভালোবাসতেন অন্য এক যুবককে। বাগদানের ঠিক আগের রাতে সেই কথা বাবাকে জানাতেই নেমে এল ভয়াবহ পরিণতি। মেয়েকে খুন করে আত্মহত্যার ঘটনা বলে চালানোর চেষ্টা করার অভিযোগ উঠল বাবার বিরুদ্ধে। ঘটনাটি তেলঙ্গানার আদিলাবাদের উমরি গ্রামের।

পুলিশ সূত্রে খবর, মৃত তরুণীর নাম কল্যাণী। পরিবারের তরফে তাঁর বিয়ে ঠিক করা হয়েছিল। ২৫ নভেম্বর বাগদানের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কিন্তু ২৩ নভেম্বর রাতে পরিবারের সদস্যদের কাছে নিজের পছন্দের কথা জানান কল্যাণী। স্পষ্ট জানিয়ে দেন, পরিবারের ঠিক করা পাত্রকে তিনি বিয়ে করতে চান না। অন্য এক যুবককে ভালোবাসেন এবং তাঁকেই জীবনসঙ্গী করতে চান।

অভিযোগ, মেয়ের এই সিদ্ধান্ত মেনে নিতে পারেননি বাবা কৈলাস। পরিবারের সম্মানহানির আশঙ্কায় ক্ষুব্ধ হয়ে ২৪ নভেম্বর ভোররাতে ঘুমন্ত মেয়েকে শ্বাসরোধ করে খুন করেন তিনি। এরপর ঘটনাটিকে আত্মহত্যা বলে দেখাতে ওড়না দিয়ে দেহ ঝুলিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে।

এদিকে, মেয়ের মৃত্যুর পর দ্রুত শেষকৃত্য সম্পন্ন করার উদ্যোগ নেন অভিযুক্ত বাবা। স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে ২৪ নভেম্বর সকাল সাড়ে ৮টা নাগাদ ঘটনাস্থলে পৌঁছয় নারনুর থানার পুলিশ। পরিবারের তরফে আত্মহত্যার দাবি করা হলেও পরিস্থিতি ও দ্রুত দাহকাজ শেষ করার চেষ্টা দেখে সন্দেহ হয় তদন্তকারীদের।

এরপর কল্যাণীর বাবা কৈলাসকে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। আদিলাবাদের পুলিশ সুপার অখিল মহাজন জানিয়েছেন, জেরায় অপরাধের কথা স্বীকার করেছেন অভিযুক্ত। বৃহস্পতিবার তাঁকে গ্রেফতার করে আদালতে পেশ করা হয়। ভারতীয় ন্যায় সংহিতার ১০৩(১) ধারায় খুনের মামলা দায়ের করেছে পুলিশ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.