মিজোরাম পাবলিক সার্ভিস কমিশনের (MPSC) নিয়োগ প্রক্রিয়ায় বারবার ভুল ও প্রশাসনিক গাফিলতির প্রতিবাদে উত্তপ্ত হয়ে উঠেছে মিজোরাম। কমিশনের চেয়ারম্যান আর লালরামংঘাকার পদত্যাগের দাবিতে আমরণ অনশনে বসা মিজোরাম স্টুডেন্টস ইউনিয়নের (MSU) সভাপতি লালদিনসাঙ্গা অসুস্থ হয়ে পড়েছেন। অনশনের চতুর্থ দিনে, বৃহস্পতিবার রাতে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাঁকে দ্রুত এবেনেজার হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়।
তবে নেতার অসুস্থতাতেও দমে যায়নি ছাত্র আন্দোলন। লালদিনসাঙ্গা হাসপাতালে ভর্তি হওয়ার পরপরই ইউনিয়নের সাধারণ সম্পাদক লালরামপানমাওইয়া এবং ক্রীড়া সম্পাদক জোহান লালরেমরুয়াতা কমিশনের দপ্তরের বাইরে অনশনে যোগ দিয়েছেন। ছাত্র সংগঠনের অভিযোগ, ২০২৪ সালের মে মাসে বর্তমান চেয়ারম্যান দায়িত্ব নেওয়ার পর থেকে নিয়োগ সংক্রান্ত বিষয়ে ২৪টিরও বেশি সংশোধনী জারি করা হয়েছে, যা চাকরিপ্রার্থীদের চরম ভোগান্তিতে ফেলেছে।
আন্দোলনকারীরা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, নৈতিক দায়িত্ব নিয়ে চেয়ারম্যান ৩০ নভেম্বরের মধ্যে পদত্যাগ না করলে আইজলে বিশাল বিক্ষোভ মিছিল করা হবে। অন্যদিকে, চেয়ারম্যান লালরামংঘাকা জানিয়েছেন, “ঈশ্বর আদেশ দিলে” তিনি পদত্যাগ করবেন। ইতিমধ্যেই বিষয়টি নিয়ে মিজোরামের রাজ্যপাল বিজয় কুমার সিংয়ের হস্তক্ষেপ দাবি করেছে ছাত্র সংগঠন এবং রাজ্যপাল মুখ্যমন্ত্রী লালদুহোমার সাথে এ বিষয়ে আলোচনার আশ্বাস দিয়েছেন।







