এ যেন প্রবাদটিরই বাস্তব রূপ—‘রাখে হরি, মারে কে’। ভেনেজুয়েলার বিধ্বংসী ভূমিকম্পে প্রায় ১৪০ টন ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছিলেন ৪৩ বছর বয়সী হারনান আলবার্তো গিল ফ্লোরেস। এমন পরিস্থিতিতে তাঁর জীবিত থাকার সম্ভাবনা কার্যত ছিল না বললেই চলে। দুর্ঘটনার পর টানা আট দিন কেটে যাওয়ায় পরিবারের সদস্যরাও ধরে নিয়েছিলেন, হয় ধ্বংসস্তূপের চাপেই, নয়তো অক্সিজেন, খাবার ও পানির অভাবে তিনি আর বেঁচে নেই। কিন্তু উদ্ধারকারী দলের সদস্যরা আশা ছাড়েননি। নিরলস প্রচেষ্টার পর প্রায় ১০০ ঘণ্টার অভিযান শেষে তাঁকে জীবিত উদ্ধার করতে সক্ষম হন তারা। অনেকের কাছেই ঘটনাটি অলৌকিকের চেয়ে কম কিছু নয়; কেউ কেউ একে নতুন জীবন ফিরে পাওয়ার সঙ্গেও তুলনা করছেন।
গত ২৪ জুন কয়েক সেকেন্ডের ব্যবধানে ভেনেজুয়েলায় ৭.২ এবং ৭.৫ মাত্রার দুটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে। এতে প্রাণ হারান প্রায় তিন হাজার মানুষ এবং এখনও নিখোঁজ রয়েছেন প্রায় ৫০ হাজার বাসিন্দা। ভূমিকম্পে একটি শপিং মল মুহূর্তের মধ্যে ধসে পড়ে, আর তার নিচেই আটকে পড়েন হারনান আলবার্তো গিল ফ্লোরেস। এরপরই শুরু হয় ব্যাপক উদ্ধার অভিযান। তবে একের পর এক আফটারশক এবং টানা বৃষ্টির কারণে উদ্ধারকাজ ক্রমেই কঠিন হয়ে ওঠে। বিপুল পরিমাণ ধ্বংসস্তূপের ভেতরে প্রবেশ করাও ছিল অত্যন্ত ঝুঁকিপূর্ণ। ফলে হারনানের বেঁচে থাকার সম্ভাবনা ছিল খুবই ক্ষীণ।
তবুও হাল ছাড়েননি উদ্ধারকর্মীরা। তাঁদের সেই অধ্যবসায়ের ফলেই আট দিন পর ধ্বংসস্তূপের ভেতর থেকে জীবিত বের করে আনা হয় হারনানকে। উদ্ধার অভিযানের ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, ধুলায় ঢাকা শরীর, মুখে অক্সিজেন মাস্ক এবং স্ট্রেচারে শুয়ে থাকা হারনানকে উদ্ধারকর্মীরা অত্যন্ত সতর্কতার সঙ্গে বাইরে নিয়ে আসছেন। এরপর দ্রুত একটি অ্যাম্বুল্যান্সে করে তাঁকে হাসপাতালে পাঠানো হয়। সফল উদ্ধার অভিযানের পর আন্তর্জাতিক রেড ক্রসের নেতৃত্বে কাজ করা বিভিন্ন দেশের উদ্ধারকর্মীরা আনন্দ প্রকাশ করেন।
রেড ক্রসের কোস্টারিকান উদ্ধারকর্মী মিনিয়ার কোলাডো সাংবাদিকদের জানান, “আমরা যখন হারনানকে খুঁজে পাই, তখন তিনি আমাদের অনুরোধ করেন যেন তাঁর স্ত্রীকে সঙ্গে সঙ্গে জানানো না হয় যে তিনি বেঁচে আছেন। তাঁর আশঙ্কা ছিল, যদি শেষ পর্যন্ত তাঁকে বাঁচানো সম্ভব না হয়, তাহলে স্ত্রী আরও বেশি কষ্ট পাবেন।” কোলাডো আরও বলেন, “আমরা কোনো অবস্থাতেই তাঁকে সেখানে ফেলে আসতাম না।” উদ্ধারকারীদের এই অদম্য প্রচেষ্টা ও মানবিকতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।







