রাজ্যে ক্ষমতার পালাবদল হয়েছে। বদলেছে রাজনৈতিক সমীকরণও। আর তার ছাপ কি পড়ল মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির কালীপুজোয়? প্রতি বছর কালীপুজো উপলক্ষে কালীঘাটের বাড়িতে নেতা-মন্ত্রী থেকে টলিউডের পরিচিত মুখদের ভিড় জমে। কিন্তু এবার ছবিটা অনেকটাই আলাদা। প্রাক্তন মুখ্যমন্ত্রীর বাড়িতে পুজোর আয়োজন আগের মতোই থাকলেও অনুপস্থিত একাধিক পরিচিত মুখ। বিশেষ করে ফিরহাদ হাকিম ও অরূপ বিশ্বাসকে দেখা না যাওয়ায় রাজনৈতিক মহলে শুরু হয়েছে আলোচনা।
রবিবার দীপান্বিতা অমাবস্যায় নিজের বাড়িতে কালীপুজোর আয়োজন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। বরাবরের মতো এবারও পুজোর যাবতীয় আয়োজন নিজে তদারকি করেন তিনি। আটপৌরে শাড়িতে চেনা মেজাজেই দেখা যায় তাঁকে। উপস্থিত ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ও।
**কারা এলেন মমতার বাড়িতে?**
এবার কালীঘাটের বাড়ির পুজোয় হাজির ছিলেন তৃণমূল সাংসদ সৌগত রায়, বিধায়ক বিমান বন্দ্যোপাধ্যায়, কুণাল ঘোষ এবং দোলা সেন। পাশাপাশি দলের কর্মী-সমর্থকদেরও ভিড় ছিল চোখে পড়ার মতো। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কর্মীরা কালীপুজো এবং পরবর্তী দধিকর্মা অনুষ্ঠানে যোগ দিতে আসেন। ফেসবুক ওয়ারিয়র থেকে দলের নতুন প্রজন্মের কর্মীদেরও দেখা যায় সেখানে।
**কাদের দেখা গেল না?**
গত বছর মুখ্যমন্ত্রী থাকাকালীন মমতার বাড়ির কালীপুজোয় নিয়মিত হাজির থাকতেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস-সহ একাধিক হেভিওয়েট নেতা। তাঁদের ঘিরেই জমজমাট থাকত পুজোর আয়োজন। কিন্তু এবার সেই পরিচিত মুখগুলির অনুপস্থিতি নজর কেড়েছে। টলিউডের তারকাদের উপস্থিতিও ছিল না বললেই চলে।
সব মিলিয়ে পুজোর আয়োজন ও আচার-অনুষ্ঠানে পুরনো ছন্দ বজায় থাকলেও অতিথিদের তালিকায় এসেছে বদল। রাজনৈতিক পালাবদলের পর মমতার বাড়ির প্রথম কালীপুজোয় কারা এলেন আর কারা এলেন না, তা নিয়েই এখন রাজনৈতিক মহলে চর্চা।







