চাকরিপ্রার্থীদের জন্য বড় সুযোগ। ন্যাশনাল হেলথ মিশন, তামিলনাড়ুর (NHM-TN) অধীনে একসঙ্গে ৪,৭২৪টি স্টাফ নার্স পদে নিয়োগ করা হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। মেধা, শিক্ষাগত যোগ্যতা এবং প্রাসঙ্গিক অভিজ্ঞতার ভিত্তিতেই প্রার্থী বাছাই করা হবে।
তামিলনাড়ু সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগের অধীনে জেলা স্তরে এই নিয়োগ প্রক্রিয়া হবে। বিভিন্ন জেলার স্বাস্থ্য দফতরের প্রতিষ্ঠানগুলিতে চুক্তিভিত্তিক স্টাফ নার্স হিসেবে কর্মী নেওয়া হবে।
কারা আবেদন করতে পারবেন?
স্টাফ নার্স পদে আবেদন করতে হলে স্বীকৃত প্রতিষ্ঠান থেকে B.Sc Nursing অথবা GNM পাশ করতে হবে। সংশ্লিষ্ট নার্সিং প্রতিষ্ঠানটি Indian Nursing Council অনুমোদিত হওয়া প্রয়োজন। পাশাপাশি তামিলনাড়ু Nurses and Midwives Council-এ বৈধ রেজিস্ট্রেশন থাকাও আবশ্যিক।
কোথায় হবে নিয়োগ?
জনস্বাস্থ্য ও প্রতিরোধমূলক চিকিৎসা অধিদপ্তর, মেডিক্যাল ও রুরাল হেলথ সার্ভিসেস, মেডিক্যাল এডুকেশন অ্যান্ড রিসার্চ এবং বৃহত্তর চেন্নাই কর্পোরেশনের অধীন বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠানে শূন্যপদগুলি পূরণ করা হবে। জেলা অনুযায়ী পদসংখ্যা ও অন্যান্য তথ্য সংশ্লিষ্ট বিজ্ঞপ্তির পরিশিষ্টে দেওয়া রয়েছে।
পরীক্ষা নেই, কীভাবে হবে বাছাই?
এই নিয়োগে কোনও লিখিত পরীক্ষা নেই। আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতা, প্রাসঙ্গিক অভিজ্ঞতা ও মেধার ভিত্তিতে প্রাথমিকভাবে বাছাই করা হবে। এরপর হবে নথিপত্র যাচাই। অর্থাৎ যোগ্যতা পূরণ করলে লিখিত পরীক্ষার প্রস্তুতি ছাড়াই নিয়োগ প্রক্রিয়ায় অংশ নেওয়ার সুযোগ থাকছে।
কীভাবে আবেদন করবেন?
এই নিয়োগে অনলাইনে আবেদন করতে হবে না। প্রথমে NHM-TN-এর নির্ধারিত ওয়েবসাইট থেকে আবেদনপত্র ও জেলা ভিত্তিক শূন্যপদের তথ্য সংগ্রহ করতে হবে। ফর্মটি সঠিকভাবে পূরণ করে শিক্ষাগত যোগ্যতার শংসাপত্র, নার্সিং কাউন্সিলের রেজিস্ট্রেশন, ছবি-সহ প্রয়োজনীয় নথির কপি সংযুক্ত করতে হবে।
এরপর পূরণ করা আবেদনপত্র সংশ্লিষ্ট জেলার ডিস্ট্রিক হেলথ অফিসার অথবা ড্রিস্ট্রিক হেলথ সোসাইটি -র অফিসে জমা দিতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে আবেদনপত্র পৌঁছনো বাধ্যতামূলক।
আবেদনের শেষ সময় ছিল ২৫ সেপ্টেম্বর বিকেল ৫টা। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট জেলার বিজ্ঞপ্তি দেখে যোগ্যতা, শূন্যপদ এবং প্রয়োজনীয় নথিপত্রের তালিকা মিলিয়ে নেওয়া জরুরি।







