ভোটের ফল প্রকাশের পর থেকেই এলাকায় দেখা মিলছিল না তাঁর। দীর্ঘদিন পর গ্রামে ফিরতেই তাঁকে ঘিরে উত্তেজনা ছড়াল পূর্ব বর্ধমানের কালনায়। অভিযোগ, গ্রামবাসীদের তাড়া খেয়ে প্রাণ বাঁচাতে পুকুরে ঝাঁপ দেন তৃণমূলের পঞ্চায়েত সদস্য সুমিত ঘোষ। কিন্তু সেখানেও রেহাই মেলেনি। তাঁর পায়ে দড়ি বেঁধে পুকুর থেকে টেনে তোলার অভিযোগ উঠেছে। এমনকী বিদ্যুতের খুঁটিতে বেঁধে মারধর করা হয় বলেও দাবি। ঘটনার একটি ভিডিও ইতিমধ্যেই ছড়িয়ে পড়েছে।
ঘটনাটি কালনা-১ ব্লকের কাকুড়িয়া পঞ্চায়েত এলাকার। স্থানীয় সূত্রে খবর, বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকেই সুমিত ঘোষকে এলাকায় দেখা যাচ্ছিল না। সোমবার রাতে তিনি গ্রামে ফিরতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে বলে অভিযোগ। তাঁকে দেখতে পেয়ে কয়েকজন গ্রামবাসী তাড়া করেন। পালাতে গিয়ে পুকুরে পড়ে যান ওই তৃণমূল নেতা। এরপর পুকুর থেকে তাঁর পায়ে দড়ি বেঁধে টেনে তোলার অভিযোগ ওঠে। পরে তাঁকে একটি বিদ্যুতের খুঁটিতে বেঁধে রাখা হয় বলে ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে। খবর পেয়ে কালনা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাঁকে উদ্ধার করে।
**কেন ক্ষোভ গ্রামবাসীদের?**
স্থানীয় বিজেপি নেতৃত্বের দাবি, সুমিত ঘোষের বিরুদ্ধে দীর্ঘদিন ধরেই ক্ষোভ জমছিল গ্রামবাসীদের মধ্যে। সমবায় সমিতির টাকা তছরুপ এবং স্থানীয় বিদ্যালয়ের আর্থিক অনিয়মের মতো একাধিক অভিযোগকে কেন্দ্র করে তাঁর বিরুদ্ধে অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি বিজেপি নেতা নিমাই মণ্ডলের। তাঁর বক্তব্য, দীর্ঘদিন ধরে এলাকার মানুষের মধ্যে জমে থাকা ক্ষোভেরই বহিঃপ্রকাশ এই ঘটনা।
**দোষারোপের রাজনীতি শুরু**
এই ঘটনার পিছনে বিজেপির হাত রয়েছে বলে অভিযোগ তুলেছে তৃণমূলের স্থানীয় নেতৃত্ব। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। বিজেপি নেতাদের দাবি, এটি সম্পূর্ণভাবে স্থানীয় মানুষের ক্ষোভের ঘটনা। দলের কোনও কর্মসূচি বা নির্দেশের সঙ্গে এর সম্পর্ক নেই। বরং বিজেপি কর্মীরাই সুমিত ঘোষকে উদ্ধার করে পুলিশের হাতে তুলে দিয়েছেন বলে দাবি তাঁদের।
নির্বাচনের ফল প্রকাশের পর রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের আবহে এই ঘটনাকে কেন্দ্র করে নতুন করে উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। তবে ঠিক কী কারণে এই হামলার ঘটনা ঘটল এবং কারা এর সঙ্গে যুক্ত, তা খতিয়ে দেখছে পুলিশ।







