রাজনীতি

২১ জুলাই দিলীপ ঘোষের ‘শহীদ শ্রদ্ধাঞ্জলি সভা’, রাজনৈতিক মহলে জল্পনার পারদ চড়ছে

একুশে জুলাইয়ের আগেই ফের চর্চার কেন্দ্রে বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। এবার খড়্গপুরে শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করছেন তিনি। আর এই সভা ঘিরেই শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা—তাঁকে কি তৃণমূলের মঞ্চে দেখা যাবে?

শনিবার দিল্লি থেকে ফিরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সেই জল্পনাকে কার্যত আরও উসকে দেন দিলীপ ঘোষ। বলেন, “২১ তারিখ তো এখনও আসেনি। আসুক ২১ তারিখ, সব বুঝে যাবেন।” তাঁর এই বক্তব্যে চমকের ইঙ্গিত স্পষ্ট, এমনটাই মনে করছে রাজনৈতিক মহলের একাংশ।

এদিন দিলীপ ঘোষের দফতর থেকে একটি ফেসবুক পোস্ট করে জানানো হয়েছে, আগামী সোমবার অর্থাৎ ২১ জুলাই, দুপুর ৩টে থেকে খড়্গপুরের ১৮ নম্বর ওয়ার্ডের গিরি ময়দানের কেদারনাথ মন্দির চত্বরে এক শহীদ শ্রদ্ধাঞ্জলি সভার আয়োজন করা হয়েছে। তৃণমূল কংগ্রেসের হিংসার বলি হওয়া বিজেপির প্রায় ২৫০ জন শহিদ কর্মীর উদ্দেশ্যে শ্রদ্ধা জানাবেন দিলীপ ঘোষ।

তবে বিষয়টি শুধু একটি শ্রদ্ধাঞ্জলি সভা নয়—বরং এর পিছনে লুকিয়ে রয়েছে গভীর রাজনৈতিক বার্তা। সম্প্রতি বিজেপির রাজ্য সভাপতির পদে পরিবর্তন হয়েছে। সুকান্ত মজুমদার কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার পর নতুন দায়িত্ব পেয়েছেন শমীক ভট্টাচার্য। অনেকেই ভেবেছিলেন দিলীপ ঘোষ হয়তো আবার রাজ্য সভাপতির পদে ফিরবেন। কিন্তু তা হয়নি। পরিবর্তে দিল্লি সফরে গিয়ে জেপি নাড্ডার সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন দিলীপবাবু। এবং তার পরপরই এমন একটি সভার পরিকল্পনা—এ নিয়ে রাজনৈতিক মহলে নানা জল্পনা ঘুরপাক খাচ্ছে।

সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষ বলেন, “এখনও কোনও দায়িত্ব দেওয়া হয়নি। সাংগঠনিক পরিবর্তন হলে, দলের সভাপতি তা জানাবেন।” তবে ২১ জুলাই নিয়ে তাঁর ‘চমকের’ ইঙ্গিত রাজনৈতিক মহলে নতুন জল্পনার জন্ম দিচ্ছে।

আসছে সোমবার দিলীপ ঘোষের সভা ঘিরে নতুন কী চিত্র উঠে আসে, সেদিকেই নজর থাকবে রাজ্য রাজনীতির।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.