কলকাতারাজনীতি

কলকাতায় ফিরেই ‘ককরোচ’কে পূর্ণ সমর্থনের বার্তা মমতার, জ্ঞানেশ ইস্যুতে বাড়ল জল্পনা

দিল্লি সফর সেরে কলকাতায় ফিরেই ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনকে পূর্ণ সমর্থনের কথা জানালেন বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার রাত প্রায় ১০টা নাগাদ নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছন তৃণমূল নেত্রী। বিমানবন্দর থেকে বেরোনোর সময় সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “আমরা ককরোচ জনতা পার্টিকে সম্পূর্ণ সমর্থন করব। পাশাপাশি সমস্ত তরুণ ছাত্রদেরও সমর্থন জানাব।”

দিল্লিতে বিরোধী জোট ‘ইন্ডিয়া’র বৈঠকের প্রথম দিন এবং পরদিনের সাংবাদিক সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও নতুন এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। দিল্লি থেকে কলকাতায় ফিরেই ফের জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিকে কেন্দ্র করে জাতীয় রাজনীতির চর্চায় নতুন মাত্রা যোগ করলেন তিনি।

বিমানবন্দর চত্বর থেকে বেরনোর সময়ই মমতা স্পষ্ট করে দেন, জ্ঞানেশ কুমারের ইস্যুতে ‘ককরোচ জনতা পার্টি’র আন্দোলনের পাশে থাকবে তাঁর দল। তাঁর এই মন্তব্যের পর বিমানবন্দর এলাকায় উপস্থিত তৃণমূলের কর্মী-সমর্থকদের মধ্যেও উচ্ছ্বাস দেখা যায়। তাঁরা মমতার প্রতি সমর্থন জানান এবং চত্বরজুড়ে ‘জয় বাংলা’ স্লোগান শোনা যায়।

অন্যদিকে, মমতার মন্তব্য নিয়ে কটাক্ষ করেছেন বিজেপি মুখপাত্র প্রণয় রায়। তাঁর বক্তব্য, “ওঁকে কে সমর্থন করেন, সেটাই ঠিক নেই। উনি আবার অন্য কাউকে সমর্থন করবেন।”

উল্লেখ্য, নির্বাচন কমিশনের বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে শুক্রবার দেশজুড়ে আন্দোলনে নামে ‘ককরোচ জনতা পার্টি’। এই কর্মসূচিতে তরুণ প্রজন্ম বা ‘জেন-জি’-র সমর্থন রয়েছে বলেও দাবি করা হয়েছে। সকাল থেকেই দেশের বিভিন্ন প্রান্তে এই আন্দোলনকে ঘিরে বিক্ষোভের ছবি সামনে আসে।

এর আগে নিট প্রশ্নফাঁসের অভিযোগকে কেন্দ্র করেও দিল্লির যন্তরমন্তরে বড়সড় বিক্ষোভ হয়েছিল। সেই সময় তৎকালীন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে দেশজুড়ে প্রতিবাদ কর্মসূচি হয়। এবার ভোটচুরির অভিযোগ তুলে একইভাবে জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে সরব হয়েছে ‘ককরোচ’। গত দু’দিন ধরে দিল্লিতে এই ইস্যুতেই সরব ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে তিনি একাধিক তথ্য ও পরিসংখ্যান তুলে ধরে ভোটচুরির অভিযোগ সামনে আনেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.