নক্ষত্র পতন। প্রয়াত মোহনবাগানের অভিভাবক টুটু বসু । আর তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে মোহনবাগান ক্লাবে উপস্থিত হলেন বাংলার নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী । ক্রীড়ামন্ত্রী নিশীথ প্রামাণিক ও খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়াও ছিলেন সঙ্গে। মোহনবাগান ক্লাবের প্রাক্তন সভাপতি স্বপনসাধন বোস তথা সকলের টুটু বোস , মঙ্গলবার রাতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন । তাঁর শেষ কৃত্যের আগে আনা হয় মোহনবাগান ক্লাব তাঁবুতে । শুভেন্দু অধিকারী সেখানেই টুটু বসুকে শ্রদ্ধা জানাতে পৌঁছান । মোহনবাগান সমর্থকদের শুভেন্দু অধিকারী বার্তা দেন , “টুটুবাবুর মতোই আত্মিকতায় মোহনবাগানকে বেঁধে রাখুন।”
মঙ্গলবার গভীর রাতে প্রয়াত হয়েছেন টুটুবাবু। বুধবার তাঁর মরদেহ নিয়ে যাওয়া হয় বালিগঞ্জের বাসভবন, প্রতিদিন পত্রিকার দপ্তর, ভবানীপুর ক্লাব এবং মোহনবাগান ক্লাব তাঁবুতে। কিংবদন্তি এই ক্রীড়া প্রশাসককে শেষ শ্রদ্ধা জানাতে ভিড় করেন অসংখ্য অনুরাগী। এদিন বিধানসভায় বিধায়কদের শপথগ্রহণ অনুষ্ঠান থাকলেও সেই দায়িত্ব শেষ করেই সবুজ-মেরুন তাঁবুতে পৌঁছে যান মুখ্যমন্ত্রী।
টুটু বসুকে শেষ শ্রদ্ধা জানিয়ে , শুভেন্দু অধিকারী বলেন , “মোহনবাগান ক্লাব, সমর্থক ও টুটুবাবুর সকল শুভানুধ্যায়ীদের প্রতি সহানুভূতি জানাতে আমরা এসেছি। মোহনবাগান সমর্থকদের কাছে আজকের দিনে আমার একটাই প্রার্থনা, যে আত্মিকতা দিয়ে টুটুবাবু মোহনবাগান ক্লাবকে আগলে রেখেছিলেন, আপনারা সেভাবে ক্লাবকে এগিয়ে নিয়ে যান। এটাই হবে ওঁর প্রতি আসল শ্রদ্ধা। টুটুবাবুর প্রয়াণ ভারতীয় ও বঙ্গ ফুটবলের জন্য বিরাট ক্ষতি। উনি মোহনবাগানের দায়িত্ব সামলানোর জন্য পরবর্তী প্রজন্মকে তৈরি করেছেন। ওঁর ভাবনাচিন্তার পরিধি খুব বড় ছিল।”
উল্লেখ্য , শ্রদ্ধা জানাতে যাওয়ার পূর্বেই শুভেন্দু অধিকারী সোশাল মিডিয়ায় লেখেন , “মোহনবাগান ক্লাব ও টুটু বোস একে অপরের পরিপূরক ছিলেন। দীর্ঘদিন ধরে ক্রীড়া প্রশাসনে ওঁর অসামান্য অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। ওঁর নেতৃত্ব, দূরদৃষ্টি এবং খেলাধুলার প্রতি অকৃত্রিম ভালোবাসা আগামী প্রজন্মকে অনুপ্রাণিত করবে।”
পাশাপাশি মন্ত্রী দিলীপ ঘোষ বলেন, “টুটু বোস দীর্ঘদিন ধরে মোহনবাগানের সঙ্গে যুক্ত ছিলেন। ময়দানে দাপিয়ে বেরিয়েছেন। তাঁর চলে যাওয়া ক্রীড়াজগতের ক্ষতি। আমি তাঁর আত্মার শান্তিকামনা করছি।”







