সন্দেশখালির সরবেড়িয়ায় তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে তল্লাশি অভিযানে যায় ইডি। সেখানে তল্লাশি তো চালানো যায়ইনি, উলটে শাহজাহান-অনুগামীদের কাছে ব্যাপক মারধর খেতে হয়। ইডি কর্তা রাজকুমার রামের মাথাও ফেটেছে। তবে এই প্রথম নয়। মারমুখী জনতার রোষে পড়ে আহত সেই ইডি কর্তা এর আগেও তল্লাশি অভিযানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন, এমনটাই ইডি সূত্রের খবর।
বিশেষভাবে উল্লেখ্য, সন্দেশখালিতে ইডি আধিকারিকদের ওপরে হামলার ঘটনায় মোট তিনটে এফআইআর করে পুলিস। শুক্রবার উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে রেশন দুর্নীতির তদন্তে তৃণমূল নেতা শাহজাহান শেখের বাড়িতে যায় ইডি। যদিও তিনি সেই সময় বাড়িতে ছিলেন না। তৃণমূল নেতার বাড়িতে ঢোকার চেষ্টা করায় ইডি আধিকারিকরা হামলার মুখে পড়েন। অভিযোগের তির স্থানীয় তৃণমূল নেতৃত্ব ও সমর্থকদের দিকে।
রাজকুমারের এক ব্যাচমেটের মন্তব্য, ‘ভিডিয়ো দেখেছি। রাজকুমারের মাথা দিয়ে গলগল করে রক্ত পড়ছিল। তবে ভিডিয়োতে ওর চোখমুখ দেখে বোঝা যাচ্ছে যে, ও ভেঙে পড়েনি। এর আগেও রাজনৈতিক মামলা ভাল ভাবে সামলেছে। ভেঙে পড়ার মতো লোক ও নয়।’







