অবশেষে প্রকাশিত হল ২০২৭ সালের ওয়ান ডে বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি। দক্ষিণ আফ্রিকা, নামিবিয়া এবং জিম্বাবোয়েতে আয়োজিত হবে ৫৭ ম্যাচের এই মেগা টুর্নামেন্ট। আগামী বছরের ২ অক্টোবর শুরু হবে বিশ্বকাপের আসর।
ভারতীয় দলের বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে ৭ অক্টোবর। প্রথম ম্যাচেই রোহিত শর্মাদের সামনে অস্ট্রেলিয়া। কেপটাউনের নিউল্যান্ডসে মুখোমুখি হবে দুই দল। এরপর মাত্র তিন দিনের ব্যবধানে, ১০ অক্টোবর জোহানেসবার্গের ওয়ান্ডারার্সে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে খেলবে ভারত।
ভারত রয়েছে গ্রুপ ‘এ’-তে। এই গ্রুপে ভারতের সঙ্গে রয়েছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, জিম্বাবোয়ে, আফগানিস্তান এবং কোয়ালিফায়ার-১ দল।
ভারতের গ্রুপ পর্বের সূচি:
৭ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া, কেপটাউন
১০ অক্টোবর ২০২৭ — পাকিস্তান, জোহানেসবার্গ
১৪ অক্টোবর ২০২৭ — আফগানিস্তান, শোয়ানে
১৭ অক্টোবর ২০২৭ — কোয়ালিফায়ার-১, ব্লুমফন্টেন
২৪ অক্টোবর ২০২৭ — জিম্বাবোয়ে, ভিক্টোরিয়া ফলস
২ অক্টোবর নামিবিয়ায় সুপার সিরিজের ম্যাচ দিয়ে বিশ্বকাপের সূচনা হবে। ১৪টি যোগ্যতা অর্জনকারী দলের মধ্যে র্যাঙ্কিংয়ে নিচের তিনটি দল এই পর্বে রাউন্ড রবিন পদ্ধতিতে খেলবে। তিন দলের মধ্যে শীর্ষে থাকা দল মূলপর্বে খেলার সুযোগ পাবে।
এরপর যোগ্য দলগুলিকে দুটি গ্রুপে ভাগ করা হবে। গ্রুপ ‘বি’-তে রয়েছে নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা, শ্রীলঙ্কা, ইংল্যান্ড, বাংলাদেশ এবং কোয়ালিফায়ার-২ দল।
গ্রুপ পর্বের পর শুরু হবে নতুন সুপার সেভেন পর্ব। এই পর্ব থেকেই নির্ধারিত হবে সেমিফাইনালের চার দল। সূচিতে ভারতকে ‘A1’ হিসেবে রাখা হয়েছে। অর্থাৎ গ্রুপ পর্বে ভারতের অবস্থান যাই হোক না কেন, সুপার সেভেনে ভারত A1 হিসেবেই খেলবে। তবে ভারতকে কোনও দল হারালে সেই দল A1 স্পট পাবে।
নতুন ফরম্যাটের ফলে গ্রুপ পর্বের পরও ভারত-পাকিস্তান দ্বৈরথের সম্ভাবনা থাকছে। দুই দলই যদি সুপার সেভেনে জায়গা করে নেয়, তাহলে ৭ নভেম্বর কেপটাউনে ফের মুখোমুখি হতে পারে দুই চিরপ্রতিদ্বন্দ্বী।
সুপার সেভেনে ভারতের সম্ভাব্য সূচি:
২৮ অক্টোবর ২০২৭ — অস্ট্রেলিয়া (B2), ভিক্টোরিয়া ফলস
৪ নভেম্বর ২০২৭ — নিউজিল্যান্ড (B1), পার্ল
৭ নভেম্বর ২০২৭ — পাকিস্তান (A3), কেপটাউন
১১ নভেম্বর ২০২৭ — ইংল্যান্ড (AB4), গ্যাবেরহা
১৪ নভেম্বর ২০২৭ — শ্রীলঙ্কা (B3), ডারবান
গ্রুপ পর্বের পর নতুন করে সুপার সেভেন পর্ব যুক্ত হওয়ায় এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচের গুরুত্বই বাড়তে চলেছে। ভারতের সামনে গ্রুপ পর্বেই রয়েছে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মতো দুই শক্তিশালী প্রতিপক্ষ।
বিশ্বকাপের সেমিফাইনাল হবে ১৭ ও ১৮ নভেম্বর যথাক্রমে কেপটাউন ও শোয়ানেতে। ২১ নভেম্বর জোহানেসবার্গে অনুষ্ঠিত হবে ফাইনাল। ২০০৩ সালে এই জোহানেসবার্গেই অস্ট্রেলিয়ার কাছে বিশ্বকাপের ফাইনালে হারতে হয়েছিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের ভারতকে। ২৪ বছর পর সেই মাঠেই কি তৃতীয়বার বিশ্বকাপ ট্রফি হাতে তুলবে টিম ইন্ডিয়া? এখন সেই প্রশ্নের উত্তর পাওয়ার অপেক্ষায় ক্রিকেটপ্রেমীরা।







