দু’মাস আগেও ভারত-পাকিস্তান সীমান্ত উত্তেজনার জেরে দেশের একাধিক বিমানবন্দরে জারি হয়েছিল নোটাম (NOTAM)। যদিও তখনও নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ছিল সেই তালিকার বাইরে। কিন্তু শনিবার রাতে হঠাৎ করেই গোটা বিমানবন্দর চত্বরে নামল আধা সেনা, রাজ্য পুলিশ, আইবি ও ন্যাশনাল সিকিউরিটি গার্ড (NSG)। কেন? হঠাৎ কী হল?
বিমান ছিনতাই ও সন্ত্রাসবাদী হামলার মহড়া
বিমানবন্দর সূত্রে খবর, এটি ছিল একটি পূর্বনির্ধারিত নিরাপত্তা মহড়া। রাত ৯টা ৩৪ মিনিট নাগাদ শুরু হয় হাইজ্যাক অনুশীলন। একটি A320 মডেলের বিমানে বসানো হয়েছিল ৭৫ জন ‘ডামি’ যাত্রী। এরপরই শুরু হয় ছিনতাই পরিস্থিতির অনুকরণে অভিযান।
NSG টাস্ক ফোর্স দ্রুত বিমানে প্রবেশ করে যাত্রীদের ‘উদ্ধার’ করে এবং ছিনতাইকারীদের ‘নিষ্ক্রিয়’ করে। অভিযানে ছিল CISF, ATC, AAI, রাজ্য পুলিশ, আইবি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিনিধিরা।
AAI দফতরে হামলার অনুশীলন
একই রাতে AAI-র অফিসেও চলে আরেকটি সন্ত্রাসদমন মহড়া। সেখানে ১২ জন কর্মীকে ‘ডামি’ হিসেবে রাখা হয়। প্রথমে STF এবং পরে NSG যৌথভাবে অভিযান চালায় ও হামলাকারীদের নিয়ন্ত্রণে আনে।
বার্তা স্পষ্ট: নিরাপত্তা নিয়ে কোনও আপস নয়
এই ধরনের মহড়ার মূল উদ্দেশ্য হল জরুরি পরিস্থিতিতে বিভিন্ন বাহিনীর মধ্যে সমন্বয়, সময়মতো প্রতিক্রিয়া এবং যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করা। বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ভবিষ্যতেও এ ধরনের মহড়া চলবে যাতে নিরাপত্তা ব্যবস্থাকে আরও নিখুঁত করা যায়।







