গত এক দশকের বেশি সময় ধরে নিরাপত্তায় গাফিলতির অভিযোগ তুলে আসছে কংগ্রেস। এবার উল্টে কংগ্রেসের শীর্ষ নেতৃত্বেরই বিরুদ্ধে আঙুল তুলল কেন্দ্রীয় আধাসেনা সিআরপিএফ। বিরোধী দলনেতা রাহুল গান্ধীর বিদেশ সফরের সময় নিরাপত্তা নিয়ম ভঙ্গের অভিযোগে তাঁকে আনুষ্ঠানিক চিঠি পাঠিয়েছে আধাসেনার শীর্ষ কর্তৃপক্ষ।
রাহুলের নিরাপত্তার দায়িত্বে থাকা এই বাহিনী জানিয়েছে, গত কয়েক মাসে একাধিক সফরে নিয়ম মানা হয়নি। তাদের দাবি, চলতি বছরে রাহুল গান্ধী ইতালি, ভিয়েতনাম, দুবাই, কাতার, লন্ডন ও মালয়েশিয়া সফরে যান। প্রতিটি ক্ষেত্রেই নিরাপত্তা সংক্রান্ত ‘ইয়েলো বুক’-এ বর্ণিত নিয়ম তিনি মানেননি। জ়েড প্লাস নিরাপত্তা পাওয়া এবং অ্যাডভান্সড সিকিউরিটি লিয়াজোঁ কাঠামোর আওতায় থাকা একজন নেতার ক্ষেত্রে এ ধরনের আচরণ অত্যন্ত অস্বাভাবিক বলে মন্তব্য করেছে সিআরপিএফ।
রাহুলের পাশাপাশি কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়্গেকেও ওই চিঠির প্রতিলিপি পাঠানো হয়েছে। বাহিনীর বক্তব্য, বিদেশ সফরের আগে বিস্তারিত তথ্য না জানানো এবং প্রোটোকল অনুযায়ী নিরাপত্তা না নেওয়াতেই আপত্তি জানানো হয়েছে।
উল্লেখ্য, এর আগেও একই অভিযোগ উঠেছিল। ২০২২ সালে ‘ভারত জোড়ো যাত্রা’র সময় রাহুলকে বারবার নিরাপত্তা বেষ্টনী ভেঙে সাধারণ মানুষের মধ্যে ঢুকে পড়ার অভিযোগে সতর্ক করেছিল সিআরপিএফ। এবার নতুন করে আপত্তি জানানো হয়েছে বিদেশ সফরের ক্ষেত্রে তথ্য গোপন ও প্রোটোকল ভঙ্গের জন্য।







