কলকাতারাজনীতিরাজ্য

বিদেশযাত্রার অনুমতির পরই হাইকোর্টে স্বস্তি, ৩১ অগস্ট পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ

সোমবারই বিদেশ যাওয়ার অনুমতি পেয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার পরের দিনই তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া ১৬টি মামলা উঠল কলকাতা হাই কোর্টে। এর মধ্যে ১৩টি মামলায় আগেই রক্ষাকবচ পেয়েছিলেন অভিষেক। বাকি তিনটি মামলাতেও রক্ষাকবচের আবেদন নিয়ে মঙ্গলবার ফের আদালতের দ্বারস্থ হন তাঁর আইনজীবীরা। সেই আবেদনে সাড়া দিয়ে ৩১ অগস্ট পর্যন্ত অভিষেককে রক্ষাকবচ দিল আদালত।

মঙ্গলবার কলিতলা, বিষ্ণুপুর এবং ভবানীপুর থানায় অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া অভিযোগ সংক্রান্ত মামলাগুলির শুনানি হয়। বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চে চলে দীর্ঘ সওয়াল-জবাব।

আদালতে রাজ্যের আপত্তি

রাজ্যের হয়ে সওয়াল করেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল এসভি রাজু। রক্ষাকবচের বিরোধিতা করে তিনি বলেন, এই আবেদনের কোনও গ্রহণযোগ্যতা নেই। তাঁর যুক্তি, অন্তর্বর্তী নির্দেশ নয়, অভিষেকের উচিত ছিল আগাম জামিনের আবেদন করা।

এর পর বিচারপতি সৌগত ভট্টাচার্য প্রশ্ন করেন, রক্ষাকবচ বা অন্তর্বর্তী স্থগিতাদেশ না দেওয়া হলে আগে যে রক্ষাকবচ দেওয়া হয়েছিল, সেটির কার্যকারিতাই বা কী থাকে? জবাবে রাজু দাবি করেন, অভিষেকের বিরুদ্ধে অবৈধ খনন থেকে পাওয়া অর্থ সংক্রান্ত দুর্নীতির অভিযোগ রয়েছে।

FIR নিয়ে আদালতের প্রশ্ন

বিচারপতি জানতে চান, অভিযোগগুলি কি অভিজিৎ দাস ওরফে ববি করেছেন, যিনি অভিষেকের কাছে নির্বাচনে পরাজিত হয়েছিলেন? পাশাপাশি FIRগুলি ঠিক কবে দায়ের করা হয়েছিল, সেটিও খতিয়ে দেখতে চান বিচারপতি। তাঁর বক্তব্য, এই বিষয়গুলি কি অন্তর্বর্তী স্থগিতাদেশ দেওয়ার জন্য যথেষ্ট নয়? একই সঙ্গে মামলাগুলির তদন্ত কতদূর এগিয়েছে, সেটিও আদালত দেখতে চায় বলে জানান তিনি।

রাজ্যের তরফে পাল্টা বলা হয়, FIR দায়ের করতে দেরি হয়েছে বলেই রক্ষাকবচ দিতে হবে—এমন কোনও আইনি নিয়ম নেই। তাই মামলাগুলি গ্রহণযোগ্য নয় বলেই দাবি করেন রাজ্যের আইনজীবী।

‘জেলে রেখে জিজ্ঞাসাবাদ প্রয়োজন’

অভিষেকের বিরুদ্ধে দায়ের হওয়া একটি মামলার আবেদনকারীর হয়ে সওয়াল করেন আইনজীবী জয়ন্ত নারায়ণ। তিনি বলেন, বিষ্ণুপুরে অভিষেক সাত লক্ষ ভোটে জিতেছেন, অথচ ওই বিধানসভা কেন্দ্রে মোট ভোটারের সংখ্যাই সাত লক্ষের কম। তাঁর দাবি, অভিষেককে হেফাজতে রেখে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন। তা না হলে অনেকেই ভয় পেয়ে অভিযোগ জানাতে পিছিয়ে যেতে পারেন।

আইনজীবীর আরও অভিযোগ, অভিষেক অত্যন্ত প্রভাবশালী এবং এখনও অভিযোগ প্রত্যাহারের জন্য চাপ দেওয়া হচ্ছে।

‘এত প্রভাবশালী হলে আমতলার অফিস ভাঙা হল কেন?’

এই যুক্তি অবশ্য মানতে চাননি বিচারপতি সৌগত ভট্টাচার্য। তিনি প্রশ্ন করেন, অভিষেক যদি এতটাই প্রভাবশালী হন, তাহলে আমতলায় তাঁর অফিস ভাঙা হল কীভাবে? এমন পরিস্থিতিতে আদালতকেই কেন হস্তক্ষেপ করতে হল?

এর জবাবে এজি সুরজিত মিত্র জানান, যে সম্পত্তি ভাঙা হয়েছে, সেটি ‘লিপ্স অ্যান্ড বাউন্স’-এর নয়।

এর পর বিচারপতি বলেন, রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনকে অস্বীকার করা আদালতের উচিত নয়। তাঁর প্রশ্ন, ৪ মে-র আগে কেন হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়নি? FIR দায়েরে দেরি হলে আদালত অবশ্যই হস্তক্ষেপ করবে বলেও মন্তব্য করেন তিনি। একই সঙ্গে এখন মামলাকারীর উপরেই আক্রমণ হয়েছে বলে উল্লেখ করে, তাঁকে তদন্তে সহযোগিতা করতে বলা হলে সমস্যা কোথায়, সেই প্রশ্নও তোলেন বিচারপতি।

শেষে কেস ডায়েরি ছাড়া কোনও নির্দেশ না দেওয়ার আবেদন জানায় রাজ্য। তবে সমস্ত বক্তব্য শোনার পর বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ৩১ অগস্ট পর্যন্ত রক্ষাকবচ দেওয়ার নির্দেশ দেয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.