জেলারাজনীতি

নন্দীগ্রামে সমবায় ভোটে সবুজ-ঝড়, শুভেন্দুর গড়ে বিজেপি শূন্য

নিজস্ব সংবাদদাতা | অনুপম জানা: বিধানসভা নির্বাচনের আর একশো দিনও বাকি নেই। তার আগেই নন্দীগ্রামে সমবায় নির্বাচনে বড়সড় বার্তা দিল শাসক শিবির। শুভেন্দু অধিকারীর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত নন্দীগ্রাম–২ ব্লকের আমদাবাদ সমবায় সমিতির ডিরেক্টর নির্বাচনে ১২টি আসনের সবকটিতেই জয়ী হল তৃণমূল সমর্থিত প্রার্থীরা। খাতা খুলতে পারল না বিজেপি।

রবিবার আমদাবাদ কলেজে সকাল ১০টা থেকে শুরু হয় ভোটগ্রহণ। টানটান উত্তেজনার মধ্যেই চলে নির্বাচন। আমদাবাদ–১ গ্রাম পঞ্চায়েত এলাকার এই সমবায় সমিতিতে মোট ভোটার ছিলেন প্রায় ৯০০ জন। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিআইএম—তিন দলই ১২টি আসনেই প্রার্থী দিয়েছিল। ফল ঘোষণার পর দেখা যায়, সব আসনেই নিরঙ্কুশ জয় শাসকদলের।

ফলাফল প্রকাশের সঙ্গে সঙ্গেই সবুজ আবিরে রঙিন হয়ে ওঠে এলাকা। উচ্ছ্বাসে মেতে ওঠেন তৃণমূল কর্মী-সমর্থকেরা। নন্দীগ্রাম–২ ব্লকের যুব তৃণমূল সভাপতি রবীন জানা বলেন, “ভোটারদের ও দলের কর্মীদের ধন্যবাদ। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর পতন শুরু হয়েছে। এই সমবায় ভোট তার প্রমাণ। মানুষ উন্নয়নের পক্ষে রায় দিয়েছেন। আসন্ন বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম জিতবে তৃণমূলই।”

অন্যদিকে বিজেপির নন্দীগ্রাম ৫ নম্বর মণ্ডলের সহ-সভাপতি দিলীপ পাল অভিযোগ করেন, “এখানে তৃণমূল ও সিপিএম দীর্ঘদিন ধরে মিলেমিশে সমবায় চালাচ্ছিল। ভোটের আগের রাতে সিপিএমের লোকজন গিয়ে তৃণমূলে ভোট দেওয়ার কথা বলে এসেছে।”

ভোটের আগে সিপিএমের জেলা কমিটির সদস্য রামহরি পাত্র দাবি করেছিলেন, এই এলাকায় তাঁদের সংগঠন মজবুত এবং ভালো ফল হবে। তবে ফল ঘোষণার পর সিপিএমের পক্ষ থেকে এখনও কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বিধানসভা ভোটের আগে নন্দীগ্রামে এই ফলাফল রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.