দেশ

উপত্যকায় ‘বন্দে মাতরম’ ঝড়: সরকারি অনুষ্ঠানে জাতীয় স্তোত্র বাজানোয় ধর্মের সংঘাত! পাল্টা তোপ জাতীয়তাবাদী মহলের

জম্মু ও কাশ্মীর ওয়াকফ বোর্ডের একটি সরকারি অনুষ্ঠানে দেশের জাতীয় স্তোত্র ‘বন্দে মাতরম’-এর পূর্ণাঙ্গ রূপ বাজানোকে কেন্দ্র করে উপত্যকায় ফের বিতর্কের ঝড় । অনুষ্ঠানের পর উপস্থিত কয়েকজন মুসলিম ধর্মগুরুর আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা এবং ধর্মীয় সংগঠনগুলির তীব্র বিরোধিতার জেরে জাতীয় মর্যাদা বনাম ধর্মীয় বিশ্বাসের সংঘাত নিয়ে দেশজুড়ে জোর বিতর্ক শুরু হয়েছে।
গত সোমবার শ্রীনগরে ‘ওয়াকফ দিবস’ উপলক্ষে আয়োজিত ওই অনুষ্ঠানে কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু, ওয়াকফ বোর্ডের চেয়ারপার্সন ড. দরখশাঁ আন্দ্রাবি এবং লোকসভার সাংসদ মিয়াঁ আলতাফ আহমেদসহ একাধিক বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের প্রোটোকল নির্দেশিকা এবং ২০২৬ সালের আগস্টে সংশোধিত ‘জাতীয় সম্মান অবমাননা প্রতিরোধ আইন’ অনুযায়ী, সরকারি অনুষ্ঠানে জাতীয় সংগীতের সমমর্যাদায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত ‘বন্দে মাতরম’-এর ছয়টি স্তবকই বাজানো হয়।
অনুষ্ঠান শেষে বুধবার এক যৌথ বিবৃতিতে সেখানে উপস্থিত কয়েকজন মুসলিম ধর্মগুরু জানান, তাঁরা মনে বা মুখে এই গানটিকে সমর্থন করেননি এবং কারও ধর্মীয় অনুভূতিতে আঘাত লেগে থাকলে তাঁরা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করছেন।
অন্যদিকে, মিরওয়াইজ ওমর ফারুকের নেতৃত্বাধীন ধর্মীয় সংগঠন ‘মুত্তাহিদা মজলিস-ই-উলামা’ (MMU) ওয়াকফ বোর্ডের এই পদক্ষেপের তীব্র সমালোচনা করেছে। তাদের দাবি, মাতৃভূমিকে দেবত্ব হিসাবে মান্যতা দেওয়া ইসলামের মূল বিশ্বাস ‘তৌহিদ’ বা একত্ববাদের বিরোধী। এবং তার উপাসনা করা ইসলামসম্মত নয় বলে তারা উল্লেখ করে এবং এই বিষয়ে আইনি পরামর্শ নেওয়ার কথাও জানায়।
তবে প্রশাসনিক ও রাজনৈতিক মহলের একাংশের মতে, এটি সম্পূর্ণভাবে কেন্দ্রীয় সরকারের নির্ধারিত প্রোটোকল ও আইনের অংশ। ২০২৬ সালের আগস্টে রাষ্ট্রপতির অনুমোদিত সংশোধনী আইন অনুযায়ী, ‘বন্দে মাতরম’-কে জাতীয় সংগীতের সমমর্যাদা দেওয়া হয়েছে এবং এর অবমাননা বা বিঘ্ন ঘটানো দণ্ডনীয় অপরাধ হিসেবে গণ্য করা হয়েছে। ফলে সরকারি ও সাংবিধানিক প্রতিষ্ঠানের অনুষ্ঠানে এই নিয়ম মানা বাধ্যতামূলক। সমালোচকদের একাংশ প্রশ্ন তুলেছেন, একটি সরকারি সংস্থার অনুষ্ঠানে দেশের জাতীয় স্তোত্র বাজানো নিয়ে ধর্মীয় আপত্তি তোলা জাতীয় সংহতি ও সাংবিধানিক প্রোটোকলের পরিপন্থী।
১৯৩৭ সালে ধর্মীয় বৈচিত্র্যের কথা মাথায় রেখে গানটির প্রথম দুটি স্তবক গ্রহণ করা হলেও, সাম্প্রতিক সরকারি নির্দেশিকায় পূর্ণাঙ্গ গানটি পরিবেশনের নিয়ম চালু হওয়ায় কাশ্মীরের এই ঘটনাটি নতুন করে রাজনৈতিক ও সামাজিক বিতর্কের জন্ম দিয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.