হেলমেট সঙ্গে না থাকলে বাইক বা স্কুটি পার্কিংয়ের অনুমতি মিলবে না। পথ নিরাপত্তা নিশ্চিত করতে এবং হেলমেট ব্যবহারে চালকদের বাধ্য করতে এমনই পদক্ষেপ গ্রহণের পরিকল্পনা করছে কলকাতা পুলিশ। লালবাজারের তরফে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে। পাশাপাশি, বাইকচালকদের মধ্যে ট্রাফিক নিয়ম ও পথ নিরাপত্তা সম্পর্কে সচেতনতা বাড়াতে শহরের প্রতিটি ট্রাফিক গার্ডের উদ্যোগে শুরু হয়েছে প্রচার অভিযান।
পুলিশ সূত্রে খবর, বাইক কিংবা স্কুটি চালানোর সময় হেলমেট ব্যবহার না করার প্রবণতা এখনও বহু চালক ও আরোহীর মধ্যে দেখা যায়। এর আগেই লালবাজারের নির্দেশ ছিল, হেলমেট ছাড়া কোনও বাইকচালক পেট্রোল পাম্পে জ্বালানি নিতে গেলে তাঁকে তেল দেওয়া যাবে না। এবার সেই নিয়মের পাশাপাশি পার্কিংয়ের ক্ষেত্রেও আরও কঠোর পদক্ষেপ করতে চলেছে কলকাতা পুলিশ।
লালবাজারের এক আধিকারিকের বক্তব্য, কালীপুজো ও দীপাবলির সময় নাকা তল্লাশি চালাতে গিয়ে দেখা গিয়েছে, ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনায় হেলমেট না পরে বাইক চালানোর প্রবণতা যথেষ্ট বেশি। বহু চালক ও আরোহী যে নিয়মিত হেলমেট ব্যবহার করেন না, তল্লাশিতে সেই বিষয়টিও স্পষ্ট হয়েছে। এই পরিস্থিতির কথা মাথায় রেখেই নতুন ব্যবস্থা কার্যকর করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
ট্রাফিক পুলিশের পরিকল্পনা অনুযায়ী, বাইক বা স্কুটি নিয়ে পার্কিংয়ে আসা ব্যক্তির কাছে হেলমেট থাকা বাধ্যতামূলক হবে। পার্কিংয়ের দায়িত্বে থাকা কর্মীরা বিষয়টি যাচাই করবেন। তবে পার্কিং করার পর চালক নিজের হেলমেট নিয়ে চলে যেতে পারবেন। পাশাপাশি, পার্কিং এলাকায় সিসিটিভি ক্যামেরা থাকলে সেগুলির উপরেও নজরদারি বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
কোনও হেলমেটবিহীন বাইক বা স্কুটিকে পার্কিংয়ের অনুমতি দেওয়া হলে সংশ্লিষ্ট পার্কিং কর্মীর বিরুদ্ধেও পদক্ষেপ করতে পারে পুলিশ।
অন্যদিকে, সোমবার থেকে কলকাতার প্রতিটি ট্রাফিক গার্ডের উদ্যোগে নিজ নিজ এলাকায় শুরু হয়েছে ‘সেফটি অ্যান্ড কাউন্সেলিং প্রোগ্রাম’। এই কর্মসূচির মূল লক্ষ্য বাইকচালকদের মধ্যে পথ নিরাপত্তা নিয়ে সচেতনতা তৈরি করা। শিবিরে চালকদের হেলমেট ব্যবহারের প্রয়োজনীয়তা বোঝানোর পাশাপাশি সঠিকভাবে হেলমেট পরা এবং তার স্ট্র্যাপ যথাযথভাবে আটকে রাখার বিষয়েও প্রশিক্ষণ দেওয়া হচ্ছে।
এছাড়াও, মদ্যপান বা অন্য কোনও নেশার প্রভাবে গাড়ি চালালে কী ধরনের বিপজ্জনক পরিস্থিতি তৈরি হতে পারে, সে সম্পর্কেও সতর্ক করছেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা। আগামী কয়েক সপ্তাহ ধরে এই সচেতনতামূলক কর্মসূচি চলবে।







