বাসন মাজার সময় চিটে দূর করার ঝক্কি একরকমের ব্যাপার, বাসন থেকে পোড়ার দাগ তুলতেও বেশ কিছুটা কসরৎ লাগে, তবে চায়ের ছাঁকনি পরিস্কার করাও কিছু কম ঝক্কির নয়। খুব সাধারণ উপায়ে এই ছাঁকনি সহজে পরিস্কার হয়না। বিশেষ একটি ধরন প্রয়োগ না করলে, সহজে চায়ের ছাঁকনি পরিচ্ছন্ন হয় না। দেখে নিন, খুব সহজে চায়ের ছাঁকনি পরিস্কার করার উপায়।
স্নানের সাবান দিয়ে ছাকনি একেবারে নতুনের মতো হতে পারে৷ সাবান লাগিয়ে ১৫ মিনিট পর টুথব্রাশ দিয়ে ঘষে পরিষ্কার করুন। খুব বেশি নোংরা হলে স্নানের সাবান লাগিয়ে সারারাত রেখে দিন৷ সকালে ব্রাশ দিয়ে ঘষে জল দিয়ে ধুয়ে ফেলুন৷ একটা কালো দাগও আর থাকবে না৷
ছাকনি পরিষ্কার করতে রান্নার গ্যাসের সাহায্যও নিতে পারেন। গ্যাস জ্বালিয়ে ছাকনি রাখুন। কিছুক্ষণ পর দেখবেন ফিল্টারে আটকে থাকা ময়লা পুড়ে ছাই হয়ে যাবে। এবার গ্যাস বন্ধ করে গরম ছাঁকনিটিকে বাসন মাজার তরলে ডুবিয়ে রাখুন। ঠান্ডা হয়ে গেলে পুরনো টুথব্রাশ দিয়ে ঘষে নিন। এটির সাহায্যে আপনার ছাকনি দারুণ পরিষ্কার হবে।
বেকিং সোডাও বেশ কার্যকরী। স্টিলে বাসন নতুনের মতো ঝকঝকে রাখতেও কিন্তু বেশ কাজে আসে বেকিং সোডা। ছাঁকনি পরিষ্কার করার জন্য এক কাপ গরম জলে এক চা চামচ বেকিং সোডা মিশিয়ে দিন। এ বার দাঁত মাজার ব্রাশে সেই মিশ্রণ মাখিয়ে ভাল করে ছাঁকনি ঘষে পরিষ্কার করে নিন। দেখবেন, ছাঁকনির জালি থেকেও সব ময়লা বেরিয়ে যাবে।







