বিদেশ

রাষ্ট্রসংঘের সামনে তিব্বতের পতাকা হাতে যুবকের আত্মাহুতি, চিনের নীতির প্রতিবাদে চাঞ্চল্য

হাতে তিব্বতের পতাকা। নিউইয়র্কে রাষ্ট্রসংঘের সদর দপ্তরের সামনে এক যুবক গায়ে আগুন লাগিয়ে আত্মাহুতি দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চিনের তিব্বত নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানানো এবং স্বাধীন তিব্বতের দাবিকে সামনে রেখেই তিনি এই চরম পদক্ষেপ করেন। আগুনে দগ্ধ অবস্থায় তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষ পর্যন্ত চিকিৎসকেরা তাঁকে বাঁচাতে পারেননি।

নিউইয়র্ক পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৩২ মিনিট নাগাদ ফার্স্ট অ্যাভিনিউ ও ৪২তম স্ট্রিটের মোড়ে এক ব্যক্তি নিজের শরীরে আগুন ধরিয়েছেন বলে জরুরি ফোন আসে। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। তবে চিকিৎসাধীন অবস্থাতেই তাঁর মৃত্যু হয়। মার্কিন সংবাদমাধ্যমের দাবি, ঘটনার সময় তাঁর হাতে তিব্বতের জাতীয় পতাকা ছিল। এই ঘটনায় রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেসের মুখপাত্র গভীর শোক প্রকাশ করে মৃতের পরিবার ও স্বজনদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

জানা গিয়েছে, মৃত যুবকের নাম লবগা রাংজেন। তিনি তিব্বতের অধিকারের দাবিতে আন্দোলনরত একজন পরিচিত কর্মী ছিলেন। ইন্টারন্যাশনাল ক্যাম্পেইন ফর তিব্বতের সভাপতি তেনচো গিয়াতসো তাঁর পরিচয় নিশ্চিত করেছেন। তাঁর বক্তব্য, তিব্বতে চিনের নিয়ন্ত্রণ এবং তথাকথিত ‘এথনিক ইউনিটি অ্যান্ড প্রোগ্রেস’ আইনের বিরোধিতায় রাংজেন দীর্ঘদিন সক্রিয় ছিলেন। এই আইনের লক্ষ্য বিভিন্ন জাতিগোষ্ঠীকে একক জাতীয় পরিচয়ের আওতায় আনা হলেও সমালোচকদের অভিযোগ, এর মাধ্যমে তিব্বতি, উইঘুর মুসলিম-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর নিজস্ব সংস্কৃতি ও পরিচয়কে ক্রমশ দুর্বল করে দেওয়া হচ্ছে। এই বিষয়টি নিয়ে তিব্বতি সংগঠনগুলি বারবার রাষ্ট্রসংঘের দৃষ্টি আকর্ষণ করলেও এখনও পর্যন্ত কার্যকর কোনও পদক্ষেপ দেখা যায়নি।

প্রসঙ্গত, বহু দশক ধরেই তিব্বতকে কেন্দ্র করে চিনের সঙ্গে বিরোধ রয়েছে। ১৯৫০ সালে ভারত স্বাধীন হওয়ার পরপরই তিব্বতকে নিজেদের অবিচ্ছেদ্য ভূখণ্ড বলে দাবি করে সেখানে সেনা পাঠায় বেজিং। এরপর ১৯৫৯ সালে তিব্বতের বিদ্রোহ দমন করে কার্যত পুরো অঞ্চল নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয় চিন। সেই সময় তিব্বতের রাজধানী লাসা ছেড়ে ভারতে আশ্রয় নেন তিব্বতি আধ্যাত্মিক নেতা দালাই লামা। এরপর থেকেই তিনি শান্তিপূর্ণ উপায়ে তিব্বতের স্বায়ত্তশাসন এবং চিন-তিব্বত সমস্যার সমাধানের দাবিতে আন্তর্জাতিক স্তরে ধারাবাহিকভাবে প্রচার চালিয়ে আসছেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.