চাকরির শুরুতেই স্বপ্নভঙ্গ। কসমেটিকস কোম্পানিতে যোগ দিয়েছিলেন মাত্র ২৫ বছরের সতোমি। কিন্তু কাজের জায়গাই হয়ে উঠল তাঁর দুঃস্বপ্ন। সংস্থার চেয়ারম্যান মিতসুরু সাকাই নিত্যদিনই তাঁকে অপমান করতেন বলে অভিযোগ। কখনও ব্যক্তিগত আক্রমণ, কখনও ‘রাস্তার কুকুর’ বলে কটূক্তি—ক্রমে মানসিকভাবে ভেঙে পড়ছিলেন তরুণী।
২০২১ সালের ডিসেম্বরে সহকর্মীদের সামনেই তাঁকে “দুর্বল কুকুর জোরে ঘেউ ঘেউ করে” বলে অপমান করেন সাকাই। সেই অপমানের পর থেকে শুরু হয় সতোমির তীব্র মানসিক অবসাদ। পরের বছর জানুয়ারিতে কাজে বিরতি নেন। আগস্টে আত্মহত্যার চেষ্টা করেন। দীর্ঘ চিকিৎসার পর ২০২৩ সালের অক্টোবরে মৃত্যু হয় তাঁর।
মেয়ের মৃত্যু মেনে নিতে পারেননি বাবা-মা। তাই তাঁরা আদালতের দ্বারস্থ হন। ২০২৪ সালে জাপানের শ্রম দফতরও স্বীকার করে নেয়, সতোমির মৃত্যু কর্মক্ষেত্রের হেনস্তার ফল। অবশেষে প্রায় দু’বছর লড়াইয়ের পর টোকিও জেলা আদালত দিল ঐতিহাসিক রায়।
রায়ে জানানো হয়, চেয়ারম্যান মিতসুরু সাকাই ও তাঁর সংস্থাকে সতোমির পরিবারকে প্রায় ১৫০ মিলিয়ন ইয়েন (ভারতীয় মুদ্রায় প্রায় ৯০ কোটি টাকা) ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি, সাকাইকে অবিলম্বে চেয়ারম্যানের পদ ছাড়তে হবে।
বিশেষজ্ঞদের মতে, এই রায় শুধু সতোমির পরিবারের জন্য ন্যায় নয়, বরং জাপানে কর্মক্ষেত্রে মানসিক নির্যাতনের বিরুদ্ধে এক বড় বার্তা। কর্মীদের সুরক্ষায় এটি ভবিষ্যতের জন্য এক নতুন দিশা।







