মোটা জ্যাকট , সোয়েটার, কম্বল আবারো তুলে রাখার দিন চলেই এল। আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী , বঙ্গে শীত আসার সম্ভবনা প্রায় নেই। জম্মু কাশ্মীর ও সংলগ্ন এলাকায় অবস্থান করছে পশ্চিমী ঝঞ্ঝা। কার্যত সেই প্রভাবেই শীত বিদায় নিচ্ছে বাংলা থেকে। তবে হাওয়া অফিস জানিয়েছে, শীত বিদায় নিলেও , তাপমাত্রার ওঠানামা বজায় থাকবে বাংলায়।
শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ১৭.৯ ডিগ্রির ঘরে। যা স্বাভাবিকের তুলনায় প্রায় ৩.২ ডিগ্রি সেলসিয়াস বেশি। আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার বিকেলে দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৬.৯ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিক তাপমাত্রার তুলনায় ০.৬ ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বজায় ছিল ৪৪ থেকে ৯২ শতাংশ। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা থাকবে ১৭ থেকে ২৪ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।
শীত বিদায় নিলেও কুয়াশার দাপট আপাতত বিরাজমান থাকবে কলকাতায়। উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, নদিয়া জেলাগুলিতে কুয়াশার দাপট সবচেয়ে বেশি থাকবে। কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা থাকবে, যদিও বেলা গড়াতেই কুয়াশা কাটিয়ে পরিষ্কার হবে আকাশ। ভোর ও রাতে শীতের হালকা অনুভূতি থাকবে।
সপ্তাহ শেষ হতেই তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে। মাত্র এক থেকে দুই ডিগ্রি ওঠানামা করতে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গেও ঘন কুয়াশার সতর্কতা জারি করেছে হাওয়া অফিস। আবহাওয়া দফতর জানিয়েছে, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুরে ঘন কুয়াশার সম্ভবনা রয়েছে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি কুয়াশার সম্ভবনা থাকবে। আগামী পাঁচদিন দার্জিলিংয়ের পার্বত্য এলাকায় তাপমাত্রা থাকবে ৪ থেকে ৬ ডিগ্রির ঘরে।







