বিভিন্ন প্রকল্পে উপভোক্তাদের কাছ থেকে কাটমানি নেওয়ার অভিযোগ রাজ্যের শাসকদলের বিরুদ্ধে ? বিরোধীদের এই আভিযোগে এবার সরব পুলিশ প্রশাসন । কাটমানি নেওয়া রুখতে পূর্ব মেদিনীপুরে জেলা পুলিশের তরফে চালু করা হলো হেল্পলাইন নম্বর । তবে পুলিশের আসরে নামা নিয়ে , ইতিমধ্যেই শুরু হয়েছে রাজনৈতিক তরজাও।
সরকারি প্রকল্প সংক্রান্ত অভিযোগ জানাতে শুভেন্দুর জেলায় জারি হেল্পলাইন নম্বরটি হলো – ৭০৪৭৯৮৯৮০০। জানা গিয়েছে , এই নম্বরটি দিনের ২৪ ঘণ্টাই চালু থাকবে । এই হেল্পলাইন নম্বরে ফোন করে , বাংলার বাড়ি থেকে শুরু করে বাকি সরকারি প্রকল্পের জন্য কেউ কাটমানি চাইলে অভিযোগ জানানো যাবে । পাশাপাশি সরকারি প্রকল্প পেতে দেরি হলে কিংবা নাম খারিজ হলে , সেবিষয়েও জানা যাবে । উল্লেখ্য , উপভোক্তারা নিজেদের পরিচয় গোপন রেখেই অভিযোগ জানাতে পারবেন ।
পূর্ব মেদিনীপুর জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার মিতুন কুমার দে সাংবাদিক বৈঠক করে জানান , “সাধারণ উপভোক্তারা পরিচয় গোপন রেখে এই নম্বরে অভিযোগ জানাতে পারবেন। অভিযোগের সঙ্গে যদি কোনও অডিয়ো কিংবা ভিডিয়ো প্রমাণ যুক্ত থাকে, তবে সেই প্রমাণের ভিত্তিতে পুলিশ প্রয়োজনে স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে অভিযুক্তদের গ্রেপ্তার করবে।” পাশাপাশি তিনি এও জানিয়েছেন যে , দলমত নির্বিশেষেই অভিযুক্তদের গ্রেফতার করা হবে ।
তবে বিধানসভা নির্বাচনের পূর্বেই , পুলিশের এর তোড়জোড় নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চর্চাও । কাঁথি সাংগঠনিক জেলার বিজেপির সহ সভাপতি অসীম মিশ্র এ বিষয়ে বলেন , “তৃণমূল নেতাদের ঘুম থেকে ওঠার পর থেকে একটাই উদ্দেশ্য থাকে, মানুষ ঠকানো, পকেট ভরানো। চোর ও কাটমানিদের মিলিত সংগঠন বলা ভালো তোলামূল। আর তাদের দ্বারা পরিচালিত প্রশাসন নাকি বলছে, কেউ কাটমানি নিলে প্রশাসনকে জানান। পুরো সরকারটাই দুর্নীতিগ্রস্ত। যেখানে পুলিশকে রাস্তায় গাড়ি থেকে তোলা তুলতে দেখা যায়। যেখানে তৃণমূলের ছোট-বড় নেতারা টাকা তুলতে ব্যস্ত। কোথায় কত কাটমানি যাবে, তার শতাংশ ঠিক করা আছে। তাই এই হেল্পলাইন নম্বর আইওয়াশ ছাড়া কিছু নয়। এটা ভোটের আগে গিমিক। এই হাস্যস্পদ নাটক মানুষ দেখছে।”
তবে তৃণমূল অবশ্য পুলিশের এই পদক্ষেপকে ভালো চোখেই দেখছে । তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলার সভাপতি সুজিত রায়ের কথায় , “প্রথমেই তৃণমূলের তরফে জেলা পুলিশ সুপারকে ধন্যবাদ জানাব। কেন্দ্রীয় সরকার কোনও টাকা না দেওয়ার পরও মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার বাড়ি প্রকল্পে রাজ্যের ২০ লক্ষ মানুষকে প্রথম কিস্তির টাকা দিয়েছেন। আমাদের পূর্ব মেদিনীপুরের প্রায় ৮০ হাজার মানুষ প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েছেন। আমরাও পঞ্চায়েত সমিতি ও ব্লক প্রশাসনকে বলেছিলাম, যদি কোনও গ্রাম পঞ্চায়েত টাকা চায়, প্রশাসনকে জানাতে। এখন বলছি, যেন পুলিশকেও জানায়। তৃণমূল কংগ্রেস দুর্নীতিকে প্রশ্রয় দেয় না।”







