কলকাতা

রবিবার সকালে রবীন্দ্র সরোবর স্টেশনে ঘটনাকে কেন্দ্র করে ব্যাহত মেট্রো পরিষেবা, ৪৫ মিনিট ভাঙা পথে চলাচল

রবিবার সকালে ফের ব্যাহত হল কলকাতা মেট্রোর ব্লু লাইনের পরিষেবা। রবীন্দ্র সরোবর মেট্রো স্টেশনে এক যাত্রীর আত্মহত্যার চেষ্টার ঘটনায় সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মেট্রো চলাচল। পরিস্থিতি সামাল দিতে অন্তত ৪৫ মিনিট ভাঙা পথে ময়দান থেকে দক্ষিণেশ্বর স্টেশনের মধ্যে মেট্রো চালানো হয়। বর্তমানে পরিষেবা স্বাভাবিক রয়েছে।

মেট্রো সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ১০টা ৪৫ মিনিট নাগাদ শহিদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বরগামী একটি আপ লাইনের মেট্রোর সামনে আচমকাই এক ব্যক্তি লাইনে নেমে পড়েন। দ্রুত মেট্রো থামিয়ে দেন চালক। উদ্ধারকাজের জন্য সঙ্গে সঙ্গে লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এর জেরে রবীন্দ্র সদন থেকে শহিদ ক্ষুদিরাম পর্যন্ত পরিষেবা বন্ধ রাখতে হয়।

এক যাত্রী জানান, স্টেশনে ঢোকার মুখে মেট্রোটিতে হঠাৎ জোরে ব্রেক কষা হয়। কিছু যাত্রী ভারসাম্য হারান। প্রায় ১০ মিনিট পরে স্টেশনে ঘটনার ঘোষণা করা হয় এবং যাত্রীদের নামিয়ে দেওয়া হয়।

রবিবার ছুটির দিন হওয়ায় ভিড় তুলনামূলক কম ছিল। তবুও পরিষেবা ব্যাহত হওয়ার খবরে একাধিক স্টেশনে যাত্রীদের ভিড় বাড়ে। অনেকেই বিকল্প পরিবহণ ব্যবস্থার খোঁজে স্টেশন ছেড়ে বেরিয়ে যান। সকাল ৯টা থেকে পরিষেবা শুরু হওয়ার পর অল্প সময়ের মধ্যেই এই বিঘ্ন ঘটে।

উল্লেখযোগ্য ভাবে, গত বৃহস্পতিবারও রবীন্দ্র সরোবর স্টেশনেই একই ধরনের একটি ঘটনায় প্রায় এক ঘণ্টা পরিষেবা ব্যাহত হয়েছিল। সেদিন কাজের দিন হওয়ায় অফিসফেরত যাত্রীদের বড় সমস্যার মুখে পড়তে হয়।

কলকাতা মেট্রোর ব্লু লাইনে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি নতুন নয়। বিশেষজ্ঞদের মতে, এই রুটে লাইনের ধারে সুরক্ষা পাঁচিল না থাকায় ঝুঁকি থেকেই যাচ্ছে। পরবর্তী সময়ে তৈরি হওয়া মেট্রোর নতুন রুটগুলিতে সুরক্ষা ব্যবস্থা জোরদার করা হলেও, প্রাচীনতম এই লাইনে তা কার্যকর করা যায়নি। রবিবারের ঘটনায় আবারও মেট্রোর নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠল।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.