দিঘার জগন্নাথ মন্দির ঘিরে ফের উত্তাল রাজ্য রাজনীতি। সূত্রের খবর, বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার খুব শীঘ্রই প্রণাম করতে যেতে পারেন মন্দিরে। আর এই খবর ঘিরেই তৃণমূল নেতা কুণাল ঘোষের খোঁচায় জোর চর্চা শুরু হয়েছে রাজনৈতিক মহলে।
নিজের সামাজিক মাধ্যমে কুণাল লেখেন, “সুকান্ত মজুমদার দল পূর্ব মেদিনীপুরে একটি কর্মসূচি নিচ্ছে। সেই উপলক্ষে গিয়ে ফেরার পথে প্রভুকে দর্শন করে আসবেন।” এরপরই ‘স্টার’ চিহ্ন দিয়ে যোগ করেন, “যদি যান, বুঝবেন খবর ঠিক। যদি না যান, বুঝবেন তাহলেও খবর ঠিক। আগাম জানাজানি হওয়ায় আপাতত স্থগিত।”
প্রসঙ্গত, দিঘার জগন্নাথ মন্দির উদ্বোধনের দিন বিজেপি নেতা দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন। সেই ঘটনার পরই শুরু হয় বিজেপির অন্দরমহলের বিতর্ক। একের পর এক বিজেপি নেতা দিলীপ ঘোষের বিরুদ্ধে মুখ খোলেন।
তখন সুকান্ত মজুমদার স্পষ্ট বলেন, “মুখ্যমন্ত্রীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ দল অনুমোদন করে না। আমরা সিদ্ধান্ত নিয়েছি, যাব না।” তিনি আরও বলেন, “মুর্শিদাবাদে হিন্দুদের ওপর অত্যাচারের পরে ওখানে যাওয়া মানে তাঁদের অবজ্ঞা করা।”
তবে রাজনৈতিক মহলের মতে, দিলীপের পথেই ভবিষ্যতে হাঁটতে পারেন আরও অনেক বিজেপি নেতা। সিপিএম নেতা বিকাশরঞ্জন ভট্টাচার্যও আগেই ইঙ্গিত দিয়েছিলেন, দিলীপ সঠিক পথেই হেঁটেছেন।
এই প্রেক্ষিতে কুণাল ঘোষের সাম্প্রতিক পোস্টে নতুন করে উত্তাপ বাড়িয়েছে রাজনৈতিক তরজায়। যদিও সুকান্ত মজুমদারের তরফে এখনও পর্যন্ত কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।







