কলকাতা হাইকোর্টে সন্দীপ ঘোষের ডাক্তারি রেজিস্ট্রেশন বাতিলের মামলায় দ্রুত শুনানির আবেদন খারিজ করে দেওয়া হয়েছে। মেডিক্যাল কাউন্সিলের সিদ্ধান্তের বিরোধিতায় হাই কোর্টে গিয়েছিলেন সন্দীপ,যদিও বিচারপতি পার্থসারথি সেন জরুরি শুনানির প্রয়োজনীয়তা বোধ করেননি।
সন্দীপ ঘোষ আরজি করের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হন এরপর ধর্ষণ ও খুনের মামলাতেও গ্রেফতার হন, যদিও সিবিআই জানিয়েছে তাঁর বিরুদ্ধে সরাসরি অভিযোগ নেই। তবে চিকিৎসক মহলে রেজিস্ট্রেশন বাতিলের দাবি উঠেছিল। ১৯ সেপ্টেম্বর মেডিক্যাল কাউন্সিল তাঁর রেজিস্ট্রেশন বাতিল করে।
মেডিক্যাল কাউন্সিলের তরফে জানানো হয়, সন্দীপ ঘোষকে ৬ সেপ্টেম্বর কি কারণে রেজিস্ট্রেশন বাতিল করা হচ্ছে নোটিস দেওয়া হয়েছিল, তিনি তার উপযুক্ত জবাব তখন দেননি।







