জেলাবিনোদনরাজ্য

দেবের উদ্যোগে স্বস্তি টলিউডে: স্বাস্থ্য সাথী প্রকল্পে যুক্ত হচ্ছেন ৭০০০ টেকনিশিয়ান

টলিউডের প্রযুক্তিবিদদের দীর্ঘদিনের সমস্যার সমাধানে বড় পদক্ষেপ নিলেন অভিনেতা ও ঘাটালের সাংসদ দেব। তাঁর উদ্যোগেই পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় আসতে চলেছেন Federation of Cine Technicians and Workers of Eastern India (FCTWEI)-এর অধীনে কর্মরত সাত হাজারেরও বেশি প্রযুক্তিবিদ।

এর আগে পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে টেকনিশিয়ানদের জন্য ৫ লক্ষ টাকার মেডিক্লেম সুবিধা চালু ছিল। কিন্তু চলতি অর্থবছরে সেই সুবিধা বন্ধ হয়ে যাওয়ায় সমস্যায় পড়েন বহু প্রযুক্তিবিদ ও তাঁদের পরিবার। কারণ তাঁদের অনেকেই স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায়ও ছিলেন না। ফলে অসুস্থতার মতো জরুরি পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা নিয়ে উদ্বেগ বাড়ছিল।

এই পরিস্থিতিতেই বিষয়টি নিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়-এর কাছে আবেদন জানান দেব। চিঠিতে তিনি উল্লেখ করেন, ফেডারেশনের অধীনে কর্মরত হাজার হাজার প্রযুক্তিবিদ বর্তমানে স্বাস্থ্য সুরক্ষা থেকে বঞ্চিত। তাঁদের জন্য স্টুডিও প্রাঙ্গণে একটি বিশেষ ক্যাম্পের ব্যবস্থা করে স্বাস্থ্য সাথী প্রকল্পে অন্তর্ভুক্ত করার আবেদন জানান তিনি।

দেবের সেই আবেদনে সাড়া দিয়েছেন মুখ্যমন্ত্রী। বিষয়টি নিজেই সমাজমাধ্যমে জানিয়েছেন অভিনেতা-সাংসদ। তিনি জানান, মুখ্যমন্ত্রীর নির্দেশে ১৭ মার্চ টেকনিশিয়ানস স্টুডিও প্রাঙ্গণে একটি বিশেষ নিবন্ধন শিবিরের আয়োজন করা হবে, যেখানে যোগ্য প্রযুক্তিবিদদের স্বাস্থ্য সাথী প্রকল্পে নাম নথিভুক্ত করা হবে।

দেব তাঁর বার্তায় বলেন,
“বাংলা চলচ্চিত্র শিল্পের ৭০০০-এরও বেশি পরিশ্রমী প্রযুক্তিবিদদের কল্যাণে স্বাস্থ্য সাথী প্রকল্পের সুবিধা দেওয়ার জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার অনুরোধকে সম্মান জানিয়েছেন। সকল প্রযুক্তিবিদকে অনুরোধ করছি, ১৭ মার্চের ক্যাম্পে উপস্থিত থেকে নিজেদের নিবন্ধন সম্পন্ন করুন।”

টলিউডের অন্দরে নানা সমস্যায় প্রায়ই মধ্যস্থতাকারীর ভূমিকায় দেখা যায় দেবকে। ফেডারেশনের বিভিন্ন জটিলতা থেকে শুরু করে হল মালিকদের সঙ্গে আলোচনা—সব ক্ষেত্রেই সক্রিয় ভূমিকা নিতে দেখা গেছে তাঁকে। এবারও টেকনিশিয়ানদের স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি সামনে এনে দ্রুত সমাধানের পথ তৈরি করলেন অভিনেতা-সাংসদ।

ফলে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন বাংলা চলচ্চিত্র শিল্পের হাজার হাজার প্রযুক্তিবিদ ও তাঁদের পরিবার।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.