পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতির জেরে আন্তর্জাতিক বাজারে অস্থিরতা বাড়ছে। তার সরাসরি প্রভাব পড়েছে ভারতেও। গ্যাসের দাম বৃদ্ধি থেকে শুরু করে সরবরাহে নিয়ন্ত্রণ—অর্থনৈতিক চাপ যে স্পষ্ট, তা স্বীকার করেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও। যদিও কেন্দ্র এখনো কোনও মুহূর্তে “সংকট” শব্দটি উচ্চারণ করেনি।
এই প্রেক্ষাপটেই নির্বাচনী রাজনীতিতে নতুন মোচড়। সামনে নির্বাচন, আর ঠিক সেই সময় অসম সরকার ঘোষণা করল বছরে দু’টি করে বিনামূল্যে এলপিজি সিলিন্ডার দেওয়ার প্রতিশ্রুতি।
ভোট যে কত বড় ফ্যাক্টর, তা ফের প্রমাণ করল আসন্ন অসম বিধানসভা নির্বাচন।
হিমন্ত বিশ্বশর্মার ঘোষণা: “মামা দেবেন দু’টি সিলিন্ডার—একটি বিহুর আগে, আরেকটি দুর্গাপুজোর আগে”
এক নির্বাচনী সভায় অসমের মুখ্যমন্ত্রী ও বিজেপি নেতা হিমন্ত বিশ্বশর্মা বলেন,
“সরকার জনগণকে বিনামূল্যে দুটি এলপিজি সিলিন্ডার দেবে। একটি বিহুর আগে, আর একটি দুর্গাপুজোর আগে। কোনও টাকা লাগবে না। ‘মামা’ সব দেবে।”
বিপুল মূল্যবৃদ্ধির উদ্বেগের মধ্যেই এই ঘোষণা ভোটারদের মন ধরতেই বিজেপির রাজনৈতিক কৌশল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞদের একাংশ। উত্তরে নিজেদের ক্ষমতা ধরে রাখতে মরিয়া বিজেপি শিবির।
নতুন SOP ভাঙার অভিযোগে ৫ ডিস্ট্রিবিউটর বরখাস্ত
এরই মধ্যে এলপিজি সরবরাহ ব্যবস্থায় কড়াকড়ি করেছে অসম সরকার।
কেন্দ্রের নতুন SOP না মানার অভিযোগে অসমের পাঁচটি এলপিজি ডিস্ট্রিবিউটরকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
মুখ্য সচিবের বিবৃতিতে বলা হয়েছে—
পশ্চিম এশিয়ার উত্তেজনা ঘিরে সরবরাহে অতিরিক্ত নজরদারি চলছে
তেল বিপণন সংস্থাগুলির সঙ্গে সমন্বয়ে রাজ্য-জেলা স্তরে কড়া পর্যবেক্ষণ
কিছু অনিয়ম ধরা পড়ায় সরাসরি পদক্ষেপ
সরকার দাবি করছে,
“এলপিজি পর্যাপ্ত মজুত রয়েছে, এবং গ্রাহকরা ১০০ শতাংশ বরাদ্দ পাচ্ছেন।”
ভোট এবার এক দফায়, তৃণমূলও লড়াইয়ে
আগামী ৯ এপ্রিল এক দফাতেই হবে অসম বিধানসভা নির্বাচন।
গণনা ৪ মে।
বিজেপি, কংগ্রেসের পাশাপাশি ২২টি আসনে এককভাবে লড়াই করছে তৃণমূল কংগ্রেসও। শেষ দফার প্রচারে তাই উত্তাপ তুঙ্গে।







