প্রতিদিনের ডাল-ভাতের একঘেয়েমি কাটাতে চাইলে একদিন পাতে রাখতেই পারেন রাজস্থানের জনপ্রিয় পাঁচমেশালি ডাল। পাঁচ রকম ডালের মিশেলে তৈরি এই পদ স্বাদে যেমন দারুণ, তেমনই পুষ্টিতেও ভরপুর। গরম ভাত, রুটি কিংবা পরোটার সঙ্গে এই ডাল খেতে বেশ ভালো লাগে। খুব বেশি ঝামেলা ছাড়াই বাড়িতে থাকা উপকরণ দিয়ে বানিয়ে নিতে পারবেন রাজস্থানি ধাঁচের এই সুস্বাদু পদ।
**পাঁচমেশালি ডাল বানাতে কী কী লাগবে?**
– মুগ ডাল – ২ টেবিল চামচ
– মসুর ডাল – ২ টেবিল চামচ
– অড়হর ডাল – ২ টেবিল চামচ
– ছোলার ডাল – ২ টেবিল চামচ
– মাষকলাই ডাল – ২ টেবিল চামচ
– পেঁয়াজ কুচি – ১টি
– টমেটো কুচি – ১টি
– আদা-রসুন বাটা – ১ চা চামচ
– কাঁচালঙ্কা – ২টি
– হলুদ গুঁড়ো – আধ চা চামচ
– লঙ্কা গুঁড়ো – আধ চা চামচ
– জিরে – আধ চা চামচ
– হিং – এক চিমটে
– ধনে গুঁড়ো – ১ চা চামচ
– গরম মশলা – আধ চা চামচ
– ঘি – ১ টেবিল চামচ
– নুন ও পরিমাণমতো জল
– ধনেপাতা কুচি – সাজানোর জন্য
**কীভাবে তৈরি করবেন?**
প্রথমে পাঁচ রকম ডাল ভালো করে ধুয়ে অন্তত ৩০ মিনিট জলে ভিজিয়ে রাখুন। এরপর প্রেশার কুকারে ডাল, হলুদ, নুন এবং প্রয়োজনমতো জল দিয়ে ৩-৪টি সিটি দিয়ে সেদ্ধ করে নিন। ডাল যেন একেবারে গলে না যায়, সেদিকে খেয়াল রাখবেন।
এবার কড়াইয়ে ঘি গরম করে জিরে ও হিং ফোড়ন দিন। জিরে ফুটতে শুরু করলে পেঁয়াজ কুচি দিয়ে হালকা সোনালি করে ভাজুন। এরপর আদা-রসুন বাটা এবং কাঁচালঙ্কা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করুন। টমেটো কুচি, ধনে গুঁড়ো ও লঙ্কা গুঁড়ো দিয়ে মশলা ভালো করে কষিয়ে নিন।
মশলা থেকে তেল ছাড়তে শুরু করলে সেদ্ধ ডাল দিয়ে দিন। প্রয়োজনমতো গরম জল মিশিয়ে মাঝারি আঁচে ৮-১০ মিনিট ফুটতে দিন। শেষে গরম মশলা ছড়িয়ে আরও কিছুক্ষণ রান্না করুন।
**পরিবেশনের আগে ছোট্ট টিপস**
উপর থেকে সামান্য ঘি ও ধনেপাতা কুচি ছড়িয়ে নামিয়ে নিন। চাইলে স্বাদ বাড়াতে সামান্য লেবুর রসও দিতে পারেন। ব্যস, তৈরি রাজস্থানি পাঁচমেশালি ডাল। গরম ভাত, জিরা রাইস কিংবা রুটির সঙ্গে পরিবেশন করুন এই সুস্বাদু পদ।







