অনুপম জানা, নিজস্ব সংবাদদাতা: পশ্চিম মেদিনীপুরের পিংলা বিধানসভায় নির্বাচনের আবহ ক্রমশ তীব্র হচ্ছে। রবিবার অভিনেত্রী কোয়েল মল্লিক-এর উপস্থিতিতে তৃণমূল কংগ্রেসের রোড শোকে ঘিরে শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। যদিও দলীয় নেতৃত্বের দাবি, এটি কোনও নির্বাচনী প্রচার ছিল না।
রবিবার পিংলা ব্লক পার্টি অফিস থেকে তৃণমূল প্রার্থী অজিত মাইতি-র সমর্থনে একটি বর্ণাঢ্য রোড শো করেন কোয়েল মল্লিক। প্রচারে ভিড় জমায় বহু সাধারণ মানুষ ও দলীয় কর্মী-সমর্থকরা। রোড শো শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সিমলা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ সবরাতি বলেন, “কোয়েল মল্লিককে আমরা পিংলার মানুষকে দেখাতে নিয়ে এসেছিলাম, ভোট প্রচারের জন্য নয়।”
এদিন তিনি আরও দাবি করেন, আসন্ন বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস পিংলায় নিশ্চিতভাবেই জয়ী হবে। তাঁর কথায়, “আমরা ১০০ শতাংশ আশাবাদী। পিংলার মানুষ বহিরাগতদের প্রত্যাখ্যান করবে।”
উল্লেখ্য, রাজ্যে বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই জোরদার হচ্ছে শাসক ও বিরোধী শিবিরের প্রচার। তারকাদের উপস্থিতিতে ভোট প্রচার নতুন নয়, তবে তা নিয়ে রাজনৈতিক তরজা বাড়ছে দিনদিন।
এই রোড শোতেও উপস্থিত ছিলেন প্রার্থী অজিত মাইতি ছাড়াও পিংলা ব্লকের একাধিক তৃণমূল নেতা-কর্মী। রাজনৈতিক মহলের মতে, তারকাদের ব্যবহার করে ভোটারদের আকৃষ্ট করার কৌশল সব দলই নিচ্ছে, যদিও তা নিয়ে প্রকাশ্যে ভিন্ন বার্তা দেওয়া হচ্ছে।







