চাকরিবিশ্ব

মে মাসেই বড় সিদ্ধান্ত! বিশ্ব জুড়ে এক ধাক্কায় ১০% কর্মী ছাঁটাই করবে মেটা,অনিশ্চিত ভারতীয় কর্মীরাও

বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে যখন কৃত্রিম বুদ্ধিমত্তার (AI) দাপট বাড়ছে, ঠিক তখনই কর্মসংস্থানের ক্ষেত্রে বড়সড় পরিবর্তনের ইঙ্গিত দিল মেটা প্ল্যাটফর্ম। সংস্থার সিইও মার্ক জুকারবার্গ-এর নেতৃত্বে নতুন কৌশল গ্রহণের ফলে হাজার হাজার কর্মীর ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে।

সংবাদসংস্থা রয়টার্স-এর প্রতিবেদনে দাবি করা হয়েছে, মে মাসের মধ্যেই প্রথম দফায় বিশ্বব্যাপী প্রায় ৮,০০০ কর্মী ছাঁটাই করা হতে পারে, যা সংস্থার মোট কর্মীসংখ্যার প্রায় ১০ শতাংশ। শুধু এখানেই শেষ নয়—বছরের দ্বিতীয়ার্ধে আরও একটি বড় ছাঁটাই পর্বের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

ফেসবুক ও ইনস্টাগ্রামের মতো জনপ্রিয় প্ল্যাটফর্ম পরিচালনাকারী এই সংস্থা ভবিষ্যতে আরও বেশি করে এআই প্রযুক্তির উপর নির্ভর করতে চাইছে। সংস্থার অভ্যন্তরীণ কাজের ধরন বদলাতে ইতিমধ্যেই বিপুল বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে। বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তনের ফলে অনেক প্রচলিত চাকরির প্রয়োজন কমে যেতে পারে।

তবে এই সিদ্ধান্ত একেবারেই নতুন নয়। এর আগে ২০২২ সালের শেষ থেকে ২০২৩ সালের শুরু পর্যন্ত পুনর্গঠনের অঙ্গ হিসেবে প্রায় ২১,০০০ কর্মী ছাঁটাই করেছিল মেটা। সেই সময়ে সংস্থার শেয়ারের দামও চাপে ছিল। যদিও চলতি বছরে পরিস্থিতি কিছুটা স্থিতিশীল—শেয়ারের দামও সামান্য বৃদ্ধি পেয়েছে।

অন্যদিকে, কর্মী ছাঁটাইয়ের সামগ্রিক চিত্রও চিন্তার। তথ্য অনুযায়ী, ২০২৬ সালের শুরু থেকেই বিশ্বজুড়ে প্রযুক্তি খাতে ৭০ হাজারের বেশি কর্মী চাকরি হারিয়েছেন। ফলে মেটার এই পদক্ষেপ গোটা শিল্পেই নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.