মাধ্যমিকের ফল প্রকাশের পর এবার অপেক্ষার অবসান উচ্চ-মাধ্যমিক পরীক্ষার্থীদের। বৃহস্পতিবার সকালেই প্রকাশিত হতে চলেছে ২০২৬ সালের উচ্চ-মাধ্যমিকের ফল। পরীক্ষা শেষ হওয়ার মাত্র ৭৬ দিনের মাথায় ফল ঘোষণা করছে West Bengal Council of Higher Secondary Education, যা নিয়ে স্বাভাবিকভাবেই উত্তেজনা তুঙ্গে পরীক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে।
সংসদ সূত্রে খবর, বৃহস্পতিবার সকালে বিদ্যাসাগর ভবনে সাংবাদিক বৈঠক করে আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করবেন সংসদের সভাপতি। একইসঙ্গে জানানো হবে এবারের পাশের হার, মেধা তালিকা এবং বিভিন্ন জেলার পারফরম্যান্সের খুঁটিনাটি তথ্য। ফল প্রকাশের পর থেকেই অনলাইনে নম্বর দেখা যাবে নির্দিষ্ট ওয়েবসাইটগুলিতে।
যে ওয়েবসাইটগুলিতে ফল দেখা যাবে সেগুলি হল— wbchse.wb.gov.in, result.wb.gov.in, wbresults.nic.in এবং IndiaResults।
এছাড়াও, ফল প্রকাশের পরই রাজ্যের বিভিন্ন স্কুলে পৌঁছে দেওয়া হবে মার্কশিট ও সার্টিফিকেট। ফলে অনলাইনে ফল দেখার পাশাপাশি স্কুল থেকেও দ্রুত হাতে পাওয়া যাবে প্রয়োজনীয় নথি। কয়েক লক্ষ পরীক্ষার্থীর ভবিষ্যতের গুরুত্বপূর্ণ এই দিন ঘিরে প্রস্তুতি সম্পূর্ণ করেছে সংসদ।







