রাজনীতি

‘প্রার্থী লাগলে বলুন, দু’টো দিয়ে দেব’, তৃণমূলকে তীব্র কটাক্ষ দিলীপের

উপনির্বাচনে প্রার্থী বাছাই ঘিরে তৃণমূলে যেন টানটান নাটক। দলের প্রতীক ও নাম হারানোর পর নন্দীগ্রামের প্রার্থী সঞ্চিতা প্রধান দে মনোনয়ন প্রত্যাহার করেছেন। এরপর সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে সমর্থনের কথা জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তার পরেই নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর গ্রেফতারি। পাশাপাশি রেজিনগরে মমতা-তৃণমূলের প্রার্থী নিয়েও তৈরি হয়েছে নতুন জল্পনা। ফলে প্রতীক ও দলের নামের পাশাপাশি এবার প্রার্থী নিয়েও ‘সঙ্কটে’ তৃণমূল। এই পরিস্থিতিতেই মমতার দলকে সিপিএমের পুরনো ‘সর্বহারা’ স্লোগান ব্যবহার করার পরামর্শ দিলেন দিলীপ ঘোষ। একইসঙ্গে কুণাল ঘোষকে কটাক্ষ করে তাঁর দাবি, প্রয়োজন হলে বিজেপি তৃণমূলকে দু’জন প্রার্থীও দিয়ে দিতে পারে।

শুক্রবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, তৃণমূল চাইলে সিপিএমের পুরনো স্লোগানকেই নতুনভাবে ব্যবহার করতে পারে। তাঁর কথায়, “তৃণমূল এখন সিপিএমের সেই স্লোগানটা কাজে লাগাতে পারে— আমরা সর্বহারা। যাচ্ছে কারা সর্বহারা, আসছে কারা সর্বহারা টিএমসি।”

এরপর কুণাল ঘোষের পুরনো মন্তব্যের প্রসঙ্গ টেনে তৃণমূলকে পাল্টা আক্রমণ করেন দিলীপ। তিনি বলেন, পঞ্চায়েত নির্বাচনের সময় যখন মনোনয়ন জমা দেওয়া নিয়ে সমস্যা তৈরি হয়েছিল এবং বিরোধীদের প্রার্থী দিতে বাধা দেওয়ার অভিযোগ উঠেছিল, তখন কুণাল ঘোষ বলেছিলেন, বিরোধীদের লোক নেই, তাই প্রার্থী কোথা থেকে পাবে— প্রয়োজন হলে তৃণমূলই প্রার্থী দিয়ে দেবে। সেই মন্তব্যের সূত্র ধরেই দিলীপের কটাক্ষ, “কুণালবাবুকে উল্টো বলতে চাইছি, আপনাদের প্রয়োজন হলে বলুন। আমরা দু’টো প্রার্থী দিয়ে দেব।”

নন্দীগ্রামের উপনির্বাচন নিয়েও কংগ্রেসকে নিশানা করেন দিলীপ ঘোষ। তাঁর দাবি, এই কেন্দ্রে বিজেপির অবস্থান যথেষ্ট শক্তিশালী এবং দল যে লক্ষ্য স্থির করেছে, সেই অনুযায়ীই ফল করবে। কংগ্রেসকে কটাক্ষ করে তিনি বলেন, “কংগ্রেসটা আছে কোথায়? দূরবীন দিয়ে দেখতে হয়! পশ্চিমবঙ্গে কংগ্রেস আছে, শুধু অধীরবাবুকে দেখলেই মনে পড়ে।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.