জনসুরক্ষাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে পথ কুকুর সংক্রান্ত মামলায় গুরুত্বপূর্ণ রায় ঘোষণা করল সুপ্রিম কোর্ট। বিচারপতি বিক্রম নাথ, বিচারপতি সন্দীপ মেহতা এবং বিচারপতি এন ভি আঞ্জারিয়ার ডিভিশন বেঞ্চ জানিয়ে দিয়েছে, স্কুল, কলেজ কিংবা হাসপাতালের মতো স্পর্শকাতর এলাকা থেকে টিকাকরণ বা বন্ধ্যাকরণের জন্য সরিয়ে নেওয়া পথ কুকুরদের পরে আর আগের জায়গায় ফিরিয়ে আনা যাবে না। এই বিষয়ে শীর্ষ আদালত ২৫ নভেম্বরের আগের নির্দেশ বহাল রেখেছে এবং পশুপ্রেমী ও সমাজকর্মীদের আবেদনও খারিজ করেছে।
দেশের নানা প্রান্তে কুকুরের আক্রমণে সাধারণ মানুষের আক্রান্ত হওয়ার পরিসংখ্যান তুলে ধরে এই রায় দিয়েছে আদালত। সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী, স্কুল, কলেজ, হাসপাতাল, রেল স্টেশন, বাস টার্মিনাস, স্পোর্টস কমপ্লেক্স ও হাইওয়ের মতো ভিড়পূর্ণ এলাকা থেকে পথ কুকুরদের দ্রুত অপসারণ করতে হবে।
স্কুল, কলেজ ও হাসপাতালের মতো স্পর্শকাতর প্রতিষ্ঠানে সুরক্ষার জন্য পাঁচিল বা ঘেরা ব্যবস্থা করতে হবে। সরিয়ে নেওয়া পথ কুকুরদের নির্দিষ্ট আশ্রয়কেন্দ্রে রাখতে হবে। পাশাপাশি প্রতিটি জেলায় পশু জন্মনিয়ন্ত্রণ কেন্দ্র চালুর নির্দেশ দেওয়া হয়েছে এবং পর্যাপ্ত অ্যান্টি-রেবিস ভ্যাকসিন মজুত রাখার কথাও বলা হয়েছে।
অত্যন্ত অসুস্থ বা ভয়ঙ্করভাবে আক্রমণাত্মক কুকুরদের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম মেনে ‘ইউথানাসিয়া’ অর্থাৎ যন্ত্রণাবিহীন মৃত্যুর অনুমোদন দিয়েছে আদালত। পাশাপাশি সুপ্রিম কোর্ট জানিয়েছে, এই নির্দেশ কার্যকর করতে গিয়ে পুরসভা বা প্রশাসনিক কর্তাদের বিরুদ্ধে কোনও এফআইআর দায়ের করা যাবে না। আগামী ৮ সপ্তাহের মধ্যে নির্দেশ কতটা কার্যকর হয়েছে, সেই সংক্রান্ত স্ট্যাটাস রিপোর্ট প্রতিটি রাজ্যকে জমা দিতে হবে এবং পুরো প্রক্রিয়ার উপর নজরদারি করবে সংশ্লিষ্ট রাজ্যের হাইকোর্ট।







