কেন্দ্র

কাগজের নোটে ইতি! ২০২৭ থেকে ভারতে আসছে পলিমার বা প্লাস্টিকের নোট

রিজার্ভ ব্যাঙ্ক অব ইন্ডিয়া (আরবিআই) দেশে কাগজের নোটের পরিবর্তে ধাপে ধাপে পলিমার বা প্লাস্টিকের নোট চালুর পরিকল্পনা করেছে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে ২০২৭ সাল থেকেই ভারতে এই নতুন ধরনের নোটের প্রচলন শুরু হতে পারে। কীভাবে গোটা দেশে এই নোট চালু করা হবে, তার রূপরেখাও ইতিমধ্যে তৈরি হচ্ছে।

সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা গিয়েছে, প্রথমে পরীক্ষামূলক প্রকল্প হিসেবে সীমিত আকারে প্লাস্টিকের নোট বাজারে আনা হবে। সেই লক্ষ্যেই আরবিআই প্রস্তুতি শুরু করেছে এবং খুব শীঘ্রই এই নোট তৈরির প্রক্রিয়াও শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

প্রথম ধাপে কোন নোট?
প্রাথমিক পর্যায়ে ১০ ও ২০ টাকার পলিমার নোট চালুর পরিকল্পনা রয়েছে। ছোট মূল্যমানের নোটের ব্যবহার সবচেয়ে বেশি হওয়ায় এই দুই মূল্যমানকেই বেছে নেওয়া হয়েছে। আগে ১০ ও ২০ টাকার কয়েন চালু করা হলেও সাধারণ মানুষের মধ্যে সেগুলি তেমন জনপ্রিয় হয়নি।

এই পরীক্ষামূলক প্রকল্পে মানুষের প্রতিক্রিয়া এবং নোটের স্থায়িত্ব খতিয়ে দেখা হবে। ফল ইতিবাচক হলে ২০২৭ সাল থেকে ধাপে ধাপে অন্যান্য মূল্যমানের নোটও প্লাস্টিকের সংস্করণে বাজারে আনা হতে পারে।

কেন প্লাস্টিকের নোট?
পলিমার নোটের সবচেয়ে বড় সুবিধা হলো এর দীর্ঘস্থায়িত্ব। কাগজের নোট সহজেই ছিঁড়ে যায় বা ভিজে নষ্ট হয়ে যেতে পারে, কিন্তু প্লাস্টিকের নোট জলরোধী এবং অনেক বেশি টেকসই। বারবার ব্যবহার করলেও সহজে ক্ষতিগ্রস্ত হয় না। পাশাপাশি, দীর্ঘমেয়াদে এই নোট তৈরি ও রক্ষণাবেক্ষণের খরচও তুলনামূলকভাবে কম, ফলে বারবার নতুন নোট ছাপানোর প্রয়োজনও কমে যায়।

বিশ্বে প্রথম ১৯৮৮ সালে অস্ট্রেলিয়া পলিমার নোট চালু করে। বর্তমানে বিশ্বের ৫০টিরও বেশি দেশে প্লাস্টিকের ব্যাঙ্কনোট ব্যবহার করা হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.