প্রাক্তন অগ্নিবীরদের ভবিষ্যৎ কর্মসংস্থানের সুযোগ বাড়াতে বড় সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। সেন্ট্রাল আর্মড পুলিশ ফোর্স (সিএপিএফ) এবং অসম রাইফেলসে কনস্টেবল ও রাইফেলম্যান পদে নিয়োগের ক্ষেত্রে প্রাক্তন অগ্নিবীরদের জন্য ৫০ শতাংশ আসন সংরক্ষণের ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার সংসদে এক লিখিত প্রশ্নের উত্তরে কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই জানান, এই সংরক্ষণের পাশাপাশি নিয়োগ প্রক্রিয়াতেও একাধিক সুবিধা পাবেন প্রাক্তন অগ্নিবীররা। তাঁদের লিখিত পরীক্ষায় বসতে হবে না। এছাড়াও শারীরিক পরীক্ষার ক্ষেত্রেও বিশেষ ছাড় দেওয়া হয়েছে। ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট (PST) এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট (PET) থেকে অব্যাহতি মিলবে বলে জানিয়েছে কেন্দ্র।
সরকারের তরফে আরও জানানো হয়েছে, বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ, আইটিবিপি, এসএসবি এবং অসম রাইফেলস-এর ভবিষ্যৎ নিয়োগ বিজ্ঞপ্তিতে এই সংরক্ষণ এবং ছাড়ের বিষয়টি স্পষ্টভাবে উল্লেখ থাকবে।
বয়সসীমার ক্ষেত্রেও প্রাক্তন অগ্নিবীরদের জন্য বিশেষ সুবিধা রাখা হয়েছে। সাধারণভাবে তাঁরা সর্বোচ্চ বয়সসীমায় ৩ বছরের ছাড় পাবেন। তবে অগ্নিবীর প্রকল্পের প্রথম ব্যাচের প্রাক্তন সদস্যদের জন্য অতিরিক্ত ৫ বছরের বয়সে ছাড় দেওয়া হবে।
কেন্দ্রের দাবি, অগ্নিবীর প্রকল্পে চার বছরের প্রশিক্ষণ ও পরিষেবার অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে আধাসেনায় দক্ষ ও প্রশিক্ষিত কর্মী নিয়োগের লক্ষ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সরকারের মতে, এই পদক্ষেপে একদিকে যেমন প্রাক্তন অগ্নিবীরদের কর্মসংস্থানের সুযোগ বাড়বে, অন্যদিকে দেশের আধাসামরিক বাহিনীগুলিও প্রশিক্ষিত জনবল পাবে।







