কেন্দ্র

UPI-তে ১৮% GST নিয়ে বড় বদলের পথে কেন্দ্র! ছোট ব্যবসায়ীদের জন্য আসছে বিশেষ ছাড়?

UPI লেনদেনের মাশুল নিয়ে ব্যবসায়ী মহলে যে উদ্বেগ তৈরি হয়েছে, তা কমাতে বিশেষ পদক্ষেপের কথা ভাবছে কেন্দ্রীয় অর্থ মন্ত্রক। প্রস্তাবিত ব্যবস্থায়, UPI মাশুলের উপর ধার্য ১৮ শতাংশ GST থেকে GST-এর আওতার বাইরে থাকা ছোট ব্যবসায়ীদের ছাড় দেওয়ার পরিকল্পনা রয়েছে বলে জানা গিয়েছে।

বর্তমানে UPI লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট বা MDR নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সেই মাশুলের উপর ১৮ শতাংশ GST বসানোর প্রস্তাব সামনে আসার পরেই ছোট ব্যবসায়ীদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। বিশেষ করে যাঁরা GST-তে নথিভুক্ত নন, তাঁদের উপর এই অতিরিক্ত খরচের প্রভাব পড়তে পারে।

এই পরিস্থিতিতে আগামী ৭ অক্টোবর GST কাউন্সিলের বৈঠকে করছাড়ের প্রস্তাব তোলা হতে পারে। তবে চূড়ান্ত সিদ্ধান্ত GST কাউন্সিলকেই নিতে হবে।

প্রস্তাব অনুযায়ী, বছরে ৪০ লক্ষ টাকার কম টার্নওভার করা পণ্য ব্যবসায়ী এবং ২০ লক্ষ টাকার মধ্যে বার্ষিক ব্যবসা করা পরিষেবা প্রদানকারীদের এই সুবিধার আওতায় আনার কথা ভাবা হচ্ছে। অর্থাৎ, সাধারণত যাঁদের GST রেজিস্ট্রেশন বাধ্যতামূলক নয়, তাঁরাই মূলত এই ছাড়ের সুবিধা পেতে পারেন।

কেন ছোট ব্যবসায়ীদের জন্য আলাদা করে এই ব্যবস্থা? GST-নিবন্ধিত বড় ব্যবসাগুলি ব্যবসায়িক খরচের উপর ইনপুট ট্যাক্স ক্রেডিট পাওয়ার সুযোগ পায়। কিন্তু GST-র আওতার বাইরে থাকা ছোট ব্যবসায়ীদের সেই সুবিধা নেই। ফলে UPI মাশুলের উপর অতিরিক্ত GST বসলে তার প্রভাব তাঁদের উপর সরাসরি পড়তে পারে।

তবে পুরো বিষয়টি বাস্তবায়ন করাও সহজ নয়। NPCI-র তথ্য অনুযায়ী, প্রস্তাবিত মাশুলের বিষয়টি মূলত ২ হাজার টাকার বেশি লেনদেনকে কেন্দ্র করে। মোট UPI লেনদেনের বড় অংশই এর বাইরে থাকবে। কিন্তু রেস্তোরাঁ, বড় বাজার বা ইলেকট্রনিক্স কেনাকাটার মতো ক্ষেত্রে ২ হাজার টাকার সীমা সহজেই পেরিয়ে যায়।

তার উপর GST-র আওতায় নেই এমন ব্যবসায়ীদের আলাদা করে শনাক্ত করে তাঁদের ক্ষেত্রে করছাড় কার্যকর করার জন্য নতুন প্রযুক্তিগত ব্যবস্থা তৈরি করতে হবে। ফলে আগামী GST কাউন্সিলের বৈঠকে শুধু করছাড়ের সিদ্ধান্ত নয়, তা কী ভাবে বাস্তবায়িত হবে, সেটিও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Adblock Detected

Please Turn Off Your Ad Blocker.